গত সপ্তাহে টটেনহামের সঙ্গে চেলসির উত্তাপ ছড়ানো লড়াইটা ২-২ গোলে ড্র হয়। ম্যাচ শেষে হাতাহাতিতে জড়ানোয় লাল কার্ড দেখেন চেলসি কোট টমাস টুখেল ও টটেনহাম কোচ আন্তোনিও কন্তে। আজ লিডস ইউনাইটেডের বিপক্ষে লিগ ম্যাচে তাই টাচলাইনে দাঁড়ানো হয়নি টুখেলের। এই সুযোগে ব্লুজদের ৩-০ গোলে হারের লজ্জা দিল লিডস। চলতি মৌসুমে তিন ম্যাচ খেলে অপরাজিত দলটি।

 

এই গ্রীষ্মে ১৭ কোটি পাউন্ড খরচ করে দল গোছানো চেলসি প্রথমার্ধে  নিজেরাই নিজেদের ডুবিয়েছে। ৩৩ মিনিটে এদুয়ার্দো মেন্দি ব্যাকপাস ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেননি, যা থেকে গোল আদায় করে নেন লিডসের ব্রেন্ডান অ্যারনসেন। এর চার মিনিট পর ফ্রি-কিক থেকে গোল করতে ব্যর্থ হন রহিম স্টার্লিং। তখনই প্রতি-আক্রমণ থেকে লিডসের দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো। তাকে বলের জোগান দিয়েছিলেন জ্যাক হ্যারিসন। ৬৯ মিনিটে রদ্রিগোর পাস থেকে গোল করেন জ্যাক হ্যারিসন। গোল করতে না পারা চেলসির দুঃখ বাড়িয়েছেন কালিদু কুলিবালি, ৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

 

এর মধ্য দিয়ে ২০০০ সাল থেকে সপ্তমবারের চেষ্টায় চেলসিকে প্রথম হারাতে সমর্থ হলো লিডস।

 

এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের সূচনা ব্রাইটনের। দ্বিতীয় ম্যাচে নিউক্যাসলের সঙ্গে গোলশূন্য ড্র। আজ তৃতীয় ম্যাচে তারা ২-০ গোলে হারাল ওয়েস্ট হামকে। ফলে চলতি মৌসুমে অপরাজিত থাকার কৃতিত্ব দেখাল দলটি।

 

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাইটনকে এগিয়ে দেন। এরপর ৬৬ মিনিটে ব্যবধান ২-০ করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।

 

প্রিমিয়ার লিগে শনিবার বোর্নমাউথকে ৩-০ গোলে হারায় আর্সেনাল।