চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫২ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে টানা তৃতীয় জয় তুলে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে লিটন দাসের দারুণ ইনিংসের পর শেষদিকে এসে ফাফ ডু প্লেসি ও ক্যামেরন ডেলপোর্টের ঝড়ো ব্যাটিংয়ে ১৮৩ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে ১৭.৩ ওভারে ১৩১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫১ রানেই চার উইকেট হারায় চট্টগ্রাম। এক প্রান্তে থিতু হয়ে থাকা উইল জ্যাকস ব্যাট করে গেলও অপরপ্রান্তে ব্যাটাররা আসা যাওয়ার মধ্যে ছিল। মাত্র তিন জন ব্যাটার পেরেছিলেন তিন অংকের ঘর স্পর্শ করতে। সর্বোচ্চ ৪২ বলে ৬৯ রান করেন উইল জ্যাকস। সাতটি চার ও তিনটি ছক্কায় ইনিংসটি সজান তিনি। এছাড়া মেহেদী হাসান মিরাজ ১০ ও মৃত্যুঞ্জয় চৌধুরী ১৩ রান করেন।
অফস্পিনার নাহিদুল ইসলাম তিনটি, মুস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও তানভীর ইসলাম দু’টি করে উইকেট নেন।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (সোমবার) টস হেরে আগে ব্যাটিংয়ে নামে কুমিল্লা। ওপেনার লিটন দাস দারুণ শুরু করলেও অপরপ্রান্তে থাকা মাহমুদুল হাসান জয় দ্বিতীয় ওভারেই নাসুম আহমেদের শিকার হয়ে ১ রানে সাজঘরে ফিরেন। এরপর লিটনকে সঙ্গ দেন ডু প্লেসিস। ৫৫ বলে ৮০ রানের দুর্দান্ত জুটি গড়েন এ দুই ব্যাটার। একাদশ ওভারে নাসুমের বলে উইকেট হারান লিটন। ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।
লিটনের বিদায়ের পর ব্যাট হাতে থিতু হতে পারেননি কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। বেনি হাওয়েলের বলে বোল্ড হয়ে ১ রানে বিদায় নেন তিনি। এরপর ডু প্লেসিকে সঙ্গ দিয়ে দারুণ এক জুটি গড়েন ক্যামেরন ডেলপোর্ট। শেষ ওভারে বিধ্বংসী ব্যাট করে ২৩ রান নিয়ে দলকে ১৮৩ রানের বড় সংগ্রহ এনে দেন প্রোটিয়া এই ব্যাটার। চারটি চার ও তিনটি ছক্কায় ২৩ বলে ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। আটটি চার ও তিনটি ছক্কায় ৫৫ বলে ৮৩ রান নিয়ে অপরাজিত থাকেন ডু প্লেসিস।
চট্টগ্রামের হয়ে দু’টি উইকেট শিকার করেন নাসুম আহমেদ। বাকি উইকেটটি পান বেনি হাওয়েল।
নিজেদের তিন ম্যাচের সবক’টিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ছয় ম্যাচে সমান ছয় পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।










