দুদিন আগেই জানা যায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দলের নেতৃত্ব ছাড়বেন নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার চট্টগ্রামে প্রোটিয়াদের সঙ্গে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু। তার আগে আজ দলের সংবাদ সম্মেলনে আসেননি দলনায়ক শান্ত। তিনি হয়তো এ নিয়ে প্রশ্নবাণ এড়াতে চেয়েছেন। তার জায়গায় সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন স্পিনার তাইজুল ইসলাম। সেখানে এক প্রশ্নের জবাবে জানালেন, সুযোগ এলে তিনি অধিনায়কত্বের জন্য পুরোপুরি তৈরি!
গুঞ্জন চলছে, কে হবেন শান্তর উত্তরসূরি? ওয়ানডে ও টেস্টের জন্য মেহেদী হাসান মিরাজের নামই জোরেশোরে উচ্চারিত হচ্ছে। টি-টোয়েন্টিতে আসতে পারেন তাওহীদ হৃদয়। তবে টেস্টে নেতৃত্বের ভার নিতে তৈরি দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তাইজুল। সম্প্রতি মিরপুর টেস্টে দেশের হয়ে দ্বিতীয় বোলার হিসেবে দুশ উইকেটের মাইলফলকে পৌঁছা তাইজুল বলেন, ‘যেহেতু ১০ বছর ধরে খেলছি, পুরোটাই তৈরি।’
তবে শান্ত নেতৃত্ব ছেড়ে দেবেন বলে যে সংবাদ চাউর হয়েছে সে ব্যাপারে তাইজুল কিছু জানেন না বলে দাবি করলেন। তিনি বলেন, ‘আসলে এ বিষয়ে আমি কিছু শুনি নাই। এটা আমার পার্টও নাই। এই বিষয়ে আমি সঠিকটা জানি না। এটা আসলে অনেক গভীর একটা প্রশ্ন। এটার উত্তর আসলে আমার কাছে নেই, এটাই সত্যি। কারণ আমি যখন একটা ম্যানেজমেন্টের মিটিং হয় বা বোর্ডের যখন মিটিং হয়, আমি বা খেলোয়াড়রা কিন্তু জড়িত থাকে না। ক্যাপ্টেন কে হচ্ছে, কোচ কে হচ্ছে, এটা আমাদের পার্ট না।’










