কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ২০২২-২৩ মৌসুম সামনে রেখে আর কোনো খেলোয়াড় কিনবে না রিয়াল মাদ্রিদ। তাদের দল গোছানোর কাজ শেষ।
চলতি গ্রীষ্মে মাত্র দুজন খেলোয়াড় দলভুক্ত করেছে রিয়াল। চেলসি থেকে আন্তোনিও রুডিগার আর মোনাকো থেকে অরেলিন চুয়ামেনিকে সই করিয়েছে মাদ্রিদ জায়ান্টরা।
লুকা জোভিক, মার্সেলো, গ্যারেথ বেল ও ইসকো চলে যাওয়ায় তাদের শূন্যতা পূরণের জন্য আর কোনো খেলোয়াড় কেনার প্রয়োজন দেখছেন না ইতালিয়ান কোচ। তিনি বলেন, আমি সাইনিং নিয়ে কথা বলতে পারি না, কিন্তু এটা এরই মধ্যে বলেছি যে আমাদের কার্যক্রম শেষ। আমরা আর কাউকে সই করাব না। আমরা এখন যেমন আছি, বেশ আছি।
এ সময় নতুন রিক্রুট রুডিগার ও চুয়ামেনির প্রশংসা করলেন রিয়াল কোচ। তিনি মনে করেন, আসন্ন যুক্তরাষ্ট্র সফরে তারা নতুন দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন। সদ্য সমাপ্ত মৌসুমে রিয়ালকে লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানো এই কোচ বলেন, তারা (রুডিগার ও চুয়ামেনি) দলের মান অনেক বাড়িয়েছে। দলবদলের বাজারে যাদের দেখেছি তাদের মধ্যে নিজেদের পজিশনে এ দুজনই সেরা। রুডিগার দারুণ এক সেন্টার ব্যাক, চুয়ামেনিও। সে খুবই তরুণ এক খেলোয়াড়, যার মধ্যে অনেক সম্ভাবনা। এরই মধ্যে ফ্রান্স জাতীয় দলের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক ঘটেছে। আমরা কথা বলছিলাম, এবারের প্রাক-মৌসুম ট্যুর নিয়ে, যা তাদের এ স্কোয়াডের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে।
রিয়াল মাদ্রিদ কোচ ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানালেন। তিনি বললেন, যখন মনে হবে করিম বেনজেমার কিছুটা বিশ্রামের প্রয়োজন পড়বে তখন ‘ফলস নাইন’
হিসেবে খেলাবেন এডেন হ্যাজার্ডকে। এ কোচের কথায়, এ পজিশনে আমাদের অনেক বিকল্প সুযোগ রয়েছে। বেনজেমা প্রথম পছন্দ, কিন্তু আমাদের বুঝতে হবে যে এবার অদ্ভুত আর ভিন্ন এক মৌসুম আসন্ন। মৌসুমের মধ্যপথে বিশ্বকাপ। কাজেই আমাদের বিভিন্ন বিকল্প সুযোগ নিয়ে ভাবতে হবে। একটি বিকল্প সুযোগ হিসেবে এডেনকে কাজে লাগানোর ইচ্ছা আমার। এডেনের যে দক্ষতা রয়েছে সেটি আমরা কাজে লাগাতে চাই। এটা মার্কো অ্যাসেনসিওর ক্ষেত্রেও সত্য।
আগামী ১২ আগস্ট ইউরোপা লিগ চ্যাম্পিয়ন জার্মানির এনট্র্যাখট ফ্রাংকফুর্টের বিপক্ষে ইউরোপিয়ান সুপার কাপ ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদ।
নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের স্কোয়াড যেমন আগের মতো থাকছে না, তেমনি তাদের খেলার স্টাইলেও আসছে পরিবর্তন। গত মৌসুমে আক্রমণভাগে বেল, হ্যাজার্ড, অ্যাসেনসিও, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোকে পেয়েছিলেন রিয়াল কোচ। তখন তিনি কোনো প্লেমেকার ছাড়াই দুজন উইঙ্গার খেলিয়েছেন, দল সাজিয়েছেন ৪-৩-৩ ফর্মেশনে। যদিও মৌসুমের শেষ দিকে এসে তিনি কিছু ম্যাচে ৪-৪-২ ফর্মেশনে দলকে খেলিয়েছেন। এ সময় মিডফিল্ডে ফেদে ভালভার্দেকে যুক্ত করেন এ অভিজ্ঞ কোচ। মার্কা










