পাকিস্তান-এ (শাহিনস) দলের বিপক্ষে দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে গতকাল ইসলামাবাদ পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল। আজ যাচ্ছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন জাতীয় দল। পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলবে টাইগাররা। 

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল ১৭ আগস্ট। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে বদলে গেছে সূচি। নতুন সূচি অনুযায়ী আগামীকাল পাকিস্তানের উড়োজাহাজ ধরবেন নাজমুলরা। তার আগে আজ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। 

বাংলাদেশের ক্রিকেটাররা কয়েক দিন ধরেই শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা নিরাপত্তা ঝুঁকির কারণে মাঠে যাননি। এতে বিঘ্নিত হয় ক্রিকেটারদের অনুশীলন। তাই বাংলাদেশ দলকে আগেভাগে পাকিস্তান যাওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি।

সেখানে শান্তদের অনুশীলনের সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে বলে জানানো হয়েছে। বিসিবি সেই প্রস্তাবে রাজি হয়ে কালই পাকিস্তান যাচ্ছে।

২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। গত জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এ প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। এ সিরিজে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন কিনা, সেটি নিশ্চিত নয়। তিনি বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন।