নিউজিল্যান্ডের ৫৫৩ রানের জবাবে প্রথম ইনিংসে দুই সেঞ্চুরিতে ভর করে ৫৩৯ রান তুলে অলআউট হয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৪ ওভারে ২ উইকেটে ১০৪ রান তুলেছে কিউইরা। দুই ইনিংস মিলে অতিথি দলের লিড একশ ছাড়িয়েছে। এ প্রতিবেদন লেখার সময় উইল ইয়াং ৪৩ ও হেনরি নিকোলস শূন্য রানে ব্যাট করছিলেন। কিউইদের লিড ছিল ১১৮ রানের।

 

৫ উইকেটে ৪৭৩ রান নিয়ে আজ সকালে ব্যাটিংয়ে নামা ইংলিশরা বাকি ৫ উইকেট হারিয়ে বোর্ডে আর ৬৬ রান যোগ করতে সমর্থ হয়। আগের দিন ১৬৩ রানে অপরাজিত থাকা জো রুট নামের পাশে ১৩ রান যোগ করতে সমর্থ হন। ২১১ বলের ইনিংসটা ২৬ বাউন্ডারি ও এক ছক্কায় সাজান তিনি। অন্যদিকে, ২৪ রান নিয়ে দিন শুরু করা বেন ফোকস থেমেছেন ব্যক্তিগত ৫৬ রানে। এর আগে তৃতীয় দিন ওলি পোপ ১৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেন, আর অ্যালেক্স লিস করেন ৬৭ রান। তৃতীয় দিন বিকেলের সেশনে অধিনায়ক বেন স্টোকস ৩৩ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলের সংগ্রহটা বড় করতে ভূমিকা রাখেন।

 

নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ১০৬ রানে ৫টি, মাইকেল ব্রেসওয়েল ৬২ রানে ৩টি উইকেট নেন।

 

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানের মাথায় অধিনায়ক টম ল্যাথামকে হারায় নিউজিল্যান্ড। তাকে বোল্ড করেন অভিজ্ঞ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। এরপর উইল ইয়াং ও ডেভন কনওয়ে ঠিক ১০০ রান যোগ করে বিচ্ছিন্ন হন। জ্যাক লিচের বলে জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কনওয়ে।