সে সমালোচনার বড় অংশই ছিল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে। তবে পর্তুগাল ডিফেন্ডার ডিওগো দালোতের দাবি, এমন পরিস্থিতির জন্য তারা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

আগামীকাল উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দালোত জানান, বিশ্বকাপ শুরুর আগেই দলীয়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের চাপ ও সমালোচনা মোকাবেলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল।

কঙ্গো ডিআরের বিপক্ষে ম্যাচে রোনালদোর পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিশেষ করে ফ্রান্সের সাবেক তারকা ও বিশ্লেষক থিয়েরি অঁরি মন্তব্য করেন, ‘দলের গোল দরকার, তোমার (রোনালদোর) ব্যক্তিগত গোল নয়।’ তার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে দালোত মনে করেন, সমালোচনা নতুন কিছু নয়, বিশেষ করে দলে রোনালদোর মতো একজন তারকা থাকলে বিষয়টি আরো বেশি স্বাভাবিক। তিনি বলেন, ‘বিষয়টা খুবই সহজ। বিশ্বকাপে আসার আগে আমাদের স্টেডিয়ামের ড্রেসিংরুমে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে কী ধরনের প্রতিক্রিয়া আসতে পারে, সেটা আমরা আগেই ভেবেছিলাম।’

তিনি আরো বলেন, ‘মনে হয়েছিল যেন আমরা আগাম অনুমান করতে পেরেছিলাম কী হতে যাচ্ছে। আমাদের মতো একটি দলে, বিশেষ করে যখন ক্রিস্টিয়ানোর মতো একজন খেলোয়াড় থাকে, তখন স্বাভাবিকের চেয়ে একটু বেশি প্রস্তুত থাকতে হয়।’

ম্যানচেস্টার ইউনাইটেডের এ ডিফেন্ডারের মতে, সেই প্রস্তুতির কারণেই সমালোচনার মুখেও দল ভেঙে পড়েনি। বরং সবাই একসঙ্গে থেকে পরিস্থিতি সামাল দিয়েছে।

দালোত বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা নিজেদের প্রস্তুত করেছিলাম বলেই পরে যখন এসব ঘটেছে, তখন আমরা পরিষ্কারভাবে দেখাতে পেরেছি যে এ দলকে নড়বড়ে করা যাবে না। আমরা জানতাম সমালোচনা আসবে, কঠিন সময় আসবে। অনেক সময় সমালোচনা অন্যায্য হয়, সত্যের সঙ্গে মেলে না, আবার অনেক সময় অতিরঞ্জিতও হয়।’

পর্তুগাল এখন গ্রুপ ‘কে’-তে নিজেদের প্রথম জয়ের খোঁজে। আগামীকাল উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে এ ম্যাচে জয়ই মূল লক্ষ্য।

রোনালদোকে ঘিরে বিতর্ক থাকলেও দালোতের বিশ্বাস, ৪১ বছর বয়সী এ ফরওয়ার্ড খুব দ্রুতই ঘুরে দাঁড়াবেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যবার সমালোচনার মুখোমুখি হয়ে সাফল্যের সঙ্গে জবাব দিয়েছেন তিনি।

দালোত বলেন, ‘সমালোচনা সামলাতে ক্রিস্টিয়ানো কতটা দক্ষ, সেটা সবাই জানে। জাতীয় দলের হয়ে তার অভিজ্ঞতা দুই দশকেরও বেশি। তিনি সবসময় জানেন কীভাবে এসব পরিস্থিতি মোকাবেলা করতে হয়।’

রোনালদোর উপস্থিতি দলের জন্য এখনো গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। দালোতের ভাষায়, ‘সে আমাদের যে আত্মবিশ্বাস দেয়, সেটি খুব মূল্যবান। এ পর্যায়ের ফুটবলে সমালোচনা খেলারই অংশ। বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলোর একটিতে খেললে এসব থাকবেই।’ তিনি আরো যোগ করেন, ‘সে আমাদের ওপর যেমন আস্থা রাখে, আমরাও তার ওপর একইভাবে আস্থা রাখি। জাতীয় দলের হয়ে যতদিন সে খেলবে, ততদিন তার সেই সামর্থ্য থাকবে এবং সে সবসময় মাঠে নামার জন্য প্রস্তুত থাকবে।’

বিশ্বকাপের প্রথম শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামা পর্তুগাল এখন আশা করছে, উজবেকিস্তানের বিপক্ষে জয় দিয়েই সমালোচনার জবাব দিতে পারবেন রোনালদো ও তার সতীর্থরা।