চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে গতকাল শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। আইপিএল মানেই অর্থের ঝনঝনানি। তারকা ক্রিকেটাররা এ লিগ খেলে কোটি কোটি টাকা আয় করেন। মাঝারি মানের ক্রিকেটারদের জীবনও বদলে যায় এর বদৌলতে। এবারের আইপিএলে ক্রিকেটারদের আয়ের ক্ষেত্র আরো বাড়ছে। প্রথমবারের মতো আইপিএলে ম্যাচ ফি পাচ্ছেন ক্রিকেটাররা।
২০ ওভারের ম্যাচ হলেও ম্যাচ ফি ঈর্ষণীয়ই বটে। আইপিএলে প্রতিটি ম্যাচের জন্য ফি হিসেবে ক্রিকেটাররা পাবেন সাড়ে সাত লাখ রুপি করে (প্রায় ১০ লাখ ৫৯ হাজার টাকা)। যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৩ লাখ রুপি ম্যাচ ফি পেয়ে থাকেন খোদ ভারতীয় ক্রিকেটাররা। অন্য দেশের ক্রিকেটাররা পান আরো কম।
একজন ক্রিকেটার আইপিএলে কমপক্ষে ১৪টি (লিগ পর্বে ১৪ ম্যাচ) করে ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন। প্লে-অফ হয়ে ফাইনালে গেলে তিনি পাবেন ১৭টি ম্যাচ। লিগ পর্বের ১৪ ম্যাচে সুযোগ পাওয়া কোনো ক্রিকেটার পাবেন ১ কোটি ৫ লাখ রুপি। ফাইনাল পর্যন্ত সব ম্যাচ খেললে পাবেন ১ কোটি ২৭ লাখ রুপি। এ টাকা তারা পাবেন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে করা চুক্তির বাইরে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের ম্যাচ ফি দিতে বরাদ্দ রেখেছে মোট ১২ কোটি ৬০ লাখ রুপি। ফ্র্যাঞ্চাইজিগুলোর এ অর্থ তাদের নিলামের বাজেটের বাইরের। অতিরিক্ত প্রণোদনা হিসেবে প্রতি ম্যাচে ম্যাচ ফি পাবেন ইমপ্যাক্ট খেলোয়াড়সহ মাঠে নামা ১২ জন ক্রিকেটার।
আইপিএল কর্তৃপক্ষকে দেয়া এক প্রস্তাবে বলা হয়েছিল, ম্যাচ ফি দেয়ার পরিবর্তে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রণোদনা তহবিলে রাখা হোক, যা ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দ অনুযায়ী পারফরমারদের পুরস্কৃত করতে ব্যবহার করতে পারবে। তবে এ প্রস্তাব টেকেনি।
এদিকে, গতকাল উদ্বোধনী ম্যাচ শুরুর আগে ছিল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারো উদ্বোধনী অনুষ্ঠানে ছিল তারার মেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেকেআর কর্ণধার ও বলিউড অভিনেতা শাহরুখ খান। শ্রেয়া ঘোষাল তার সুরেলা কণ্ঠে মাতোয়ার করেন দর্শককে। এরপর মঞ্চে এসে দুর্দান্ত নাচে বিমোহিত করেন ইডেনের দর্শককে। পাঞ্জাবি শিল্পী করন আউজলা পারফর্ম করেন। এরপর বিরাট কোহলি ও রিংকু সিংকে মঞ্চে ডেকে নেন শাহরুখ খান। এ দুই ক্রিকেটারের সঙ্গে দুটি গানে নেচেছেন তিনি। বিরাটের সঙ্গে তিনি ‘ঝুমে জো পাঠান’ গানে নেচেছেন। পরিশেষে পারফরমার, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্মকর্তা ও দুই অধিনায়ককে ডেকে নেন মঞ্চে। তারা সবাই ভারতের জাতীয় সংগীতে সুর মেলান।
১৮তম আসরে অংশ নিচ্ছে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটানস, লখনৌ সুপার জায়ান্ট, মুম্বাই ইন্ডিয়ানস ও সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে সর্বোচ্চ পাঁচবার করে শিরোপা জিতেছে চেন্নাই ও মুম্বাই ইন্ডিয়ানস। এছাড়া কলকাতা তিনবার এবং হায়দরাবাদ, রাজস্থান, গুজরাট ও বিলুপ্ত ডেকান চার্জার্স একবার করে শিরোপার স্বাদ পেয়েছে।










