দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে শীর্ষ তারকাদের ব্যর্থতায় ৭ উইকেটে ২৫১ রানের পুঁজি গড়ে কিউইরা। ড্যারিল মিচেল সর্বোচ্চ ৬৩ রান করেন। ভারতকে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিততে ২৫২ রান করতে হবে।
দুবাইয়ে সেমিফাইনালে ভারত হারিয়েছে অস্ট্রেলিয়াকে, আর লাহোরে নিউজিল্যান্ড হারায় দক্ষিণ আফ্রিকাকে। এর আগে গ্রুপ পর্বের দেখায় নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় ভারত।
নিউজিল্যান্ড ২০০০ সালে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয় করে। ভারত ২০০২ সালে শ্রীলংকার সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৩ সালে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে।
চোটের কারণে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। তার জায়গায় ফাইনালের একাদশে এসেছেন নাথান স্মিথ। ভারত সেমিফাইনালের একাদশ নিয়েই খেলছে।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ড: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ ও উইল ও’রুর্ক।










