যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ সালে বসবে ২৩তম ফিফা বিশ্বকাপ আসর। ফুটবলের এ মহাযজ্ঞে বাছাইপর্ব পেরিয়ে সরাসরি খেলার টিকিট প্রায় নিশ্চিত আর্জেন্টিনার। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা গতকাল ভোরে মন্টেভিডিওতে স্বাগতিক উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বে খেলার সুবাস পাচ্ছে। বুধবার বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ১ পয়েন্ট পেলেই পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে আলবিসেলেস্তেরা।

গতকালের জয়ে আর্জেন্টিনার সংগ্রহে এখন ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট। লাতিন অঞ্চল থেকে সরাসরি ছয়টি দল উঠবে বিশ্বকাপে। টেবিলের সপ্তম স্থানে থাকা দল বলিভিয়ার পয়েন্ট ১৩ ম্যাচে ১৩। পরের ম্যাচে ড্র করলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ২৯। ফলে বলিভিয়ার পক্ষে বাকি ৫ ম্যাচে আর্জেন্টিনাকে আর ছোঁয়া সম্ভব নয়। আবার ব্রাজিলের কাছে হেরেও চার ম্যাচ হাতে রেখে বিশ্বকাপে উঠে যাবে আর্জেন্টিনা, যদি বলিভিয়া মঙ্গলবার দিবাগত রাত ২টার ম্যাচে উরুগুয়ের কাছে হেরে যায়।

মন্টেভিডিওতে গতকাল দুই প্রতিবেশী দেশের লড়াইয়ে আর্জেন্টিনাকে জিতিয়েছেন থিয়াগো আলমাদা। ৬৮ মিনিটে শক্তিশালী এক বাঁকানো শটে তিনি গোলটি করেন। লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ না থাকলেও দিনশেষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরে আনন্দিত আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার বিশ্বকাপ ও কোপাজয়ী এ কোচ বলেন, ‘ছেলেরা চাপ নিতে সমর্থ হয়েছে এবং আমরা পরিপূর্ণ একটি ম্যাচ খেলেছি। যখনই আমাদের খেলার প্রয়োজন হয়, আমরা তা করেছি; যখন রক্ষণের প্রয়োজন পড়েছে, তখন সেটা করেছি। আমি শুধু জয়ের জন্যই নয়, দল যেভাবে খেলেছে, যেভাবে সাড়া দিয়েছে তাতেও খুব খুশি।’

জয়সূচক গোল করা আলমাদা বলেন, ‘আমি কিছুটা উৎকণ্ঠায় ছিলাম, আসলে আমি খেলতে চেয়েছি এবং দেখাতে চেয়েছিলাম কেন আমি স্কোয়াডে রয়েছি।’

এর আগে শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তের গোলে দারুণ এক জয় তুলে নেয় ব্রাজিল। ৯৮ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ১-১। ঠিক সেই সময় খেলায় নাটকীয় মোড়, ৯৯তম মিনিটে রিয়াল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়রের অনবদ্য গোল। এতে মূল্যবান ৩ পয়েন্ট নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এ জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে যায় দরিভাল জুনিয়রের ব্রাজিল। অবশ্য পরদিন ভেনিজুয়েলাকে হারিয়ে দুইয়ে উঠেছে একুয়েডর, যাদের পয়েন্ট ১৩ ম্যাচে ২২। আর সমান ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ২১। ব্রাজিলের কাছে হেরে কলম্বিয়া নেমে গেছে ৬ নম্বরে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। সমান ২০ পয়েন্ট নিয়ে যথাক্রমে ৪ ও ৫ নম্বরে উরুগুয়ে ও প্যারাগুয়ে।

আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দলের ভাবনায় এখন দুই পরাশক্তির লড়াই। উরুগুয়েকে হারানোর পর আলমাদা বলেন, ‘এখন আমাদের ব্রাজিল ম্যাচের আগে বিশ্রাম নেয়ার সময়। তারা (ব্রাজিল) আমাদের চেয়ে একদিন বেশি বিশ্রাম নিতে পারবে।’

২০২৩ সালের নভেম্বরে রিও ডি জেনিরোতে দুই পরাশক্তির সর্বশেষ লড়াইয়ে আর্জেন্টিনা ১-০ গোলের জয় পেয়েছিল। একমাত্র গোলটি করেছিলেন নিকোলাস ওতামেন্দি।

মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার) মাঠে নামছে লাতিন অঞ্চলের ১০টি দলই। কলম্বিয়ার মাঠে খেলবে প্যারাগুয়ে, একুয়েডর খেলবে দশম স্থানে থাকা চিলির মাঠে, ভেনিজুয়েলা ঘরের মাঠে খেলবে নবম স্থানধারী পেরুর বিপক্ষে।