তবু তিনি ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা। বিশ্বকাপে তাকে ঘিরেই অনেক কৌতূহল, অনেক প্রশ্ন। চোটের কারণে প্রথম ও দ্বিতীয় ম্যাচে মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। কবে শেষ হবে সমর্থকদের অপেক্ষা? হাইতির বিপক্ষে জয়ের পর ব্রাজিল সমর্থকদের সুখবর দিলেন দলের কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার স্কটল্যান্ড ম্যাচে খেলতে পারেন নেইমার।
আনচেলত্তি জানান, আগামীকাল (আজ) একা অনুশীলন করবেন নেইমার। এরপর সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে।
এবারের বিশ্বকাপে এরই মধ্যে গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। প্রথমটি মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় সেলেসাওরা। তবে পেশির চোটের কারণে এ দুই ম্যাচ মাঠের বাইরে ছিলেন নেইমার।
বিশ্বকাপ শুরুর আগে গত মাসে সান্তোসের বিপক্ষে খেলার সময় ডান পায়ের মাংসপেশিতে চোট পান নেইমার। তার চোটজর্জর ক্যারিয়ারের সর্বশেষ সংযোজন এটি। একের পর এক চোটের থাবায় প্রায় তিন বছর ধরে ব্রাজিলের হয়ে খেলতে পারছেন না।
চোট নিয়ে সর্বশেষ গত ১৭ মে মাঠ ছাড়েন নেইমার। তখন তার ক্লাব সান্তোসের পক্ষ থেকে বলা হয়েছিল, নেইমারের পেশি সামান্য ফুলে গেছে। সমর্থকদের চাপের মুখে ইনজুরির পরও তাকে বিশ্বকাপ দলে রাখা হয়। এর সপ্তাহখানেক পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন তিনি। তখন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, নেইমারের পেশির চোট গ্রেড-২ পর্যায়ের। তিন সপ্তাহের মধ্যে তিনি সেরে উঠবেন। সে সময়সীমা ১৭ জুন শেষ হয়েছে।
এখন সেরে উঠে মাঠে ফেরার খুব কাছেই আছেন নেইমার। গত বুধবার আলাদাভাবে অনুশীলন সেশনে বুট পরে বল নিয়ে ওয়ার্মআপ করার পর তাকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়। এর আগে ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের তত্ত্বাবধানে দলের ট্রেনিং সেন্টারে ইনডোরে অনুশীলন করছিলেন তিনি।
সব মিলিয়ে নেইমার কবে ফিরছেন, সেই প্রশ্ন ঘুরপাক খায়। হাইতি ম্যাচের পর ব্রাজিল কোচ আনচেলত্তি জানালেন, আরো দু-একদিন এভাবে অনুশীলন চালিয়ে যাবেন নেইমার। এরপর পুরোদমে শুরু করবেন দলীয় অনুশীলন।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচে নেইমারকে পাওয়া নিয়ে বেশ আশাবাদী আনচেলত্তি।
এর আগে নেইমারকে নিয়ে আশার কথা শুনিয়েছিলেন আনচেলত্তি, ‘নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা, সে সুস্থ হয়ে আগামী সপ্তাহে দলে যোগ দেবে। যখন আমরা তাকে দলে অন্তর্ভুক্ত করি, তখন তার অনস্বীকার্য টেকনিক্যাল দক্ষতার জন্যই নিয়েছিলাম। তবে তার অভিজ্ঞতা এবং দলের তরুণ খেলোয়াড়দের সামনে দৃষ্টান্তের জন্যও তাকে চাই আমরা।’









