বিশ্রামে গেলেও বিসিবির তিন ফরম্যাটের চুক্তিতে সাকিব
ক্রীড়া ডেস্ক

৫২ দিনের বিশ্রামে পাঠালেও ক্রিকেটের সাকিব আল হাসানকে তিন সংস্করণে রেখেই ২০২২ সালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে তার নাম রয়েছে।

বিসিবির এবারের চুক্তিতে আছেন ২১ খেলোয়াড়। তিন সংস্করণে সাকিবসহ আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

টি-টেয়েন্টিতে নেই তামিম ইকবাল। তাকে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে রাখা হয়েছে। টি-টোয়েন্টিতে ছয় মাসের বিরতিতে আছেন তিনি। শুধুমাত্র টেস্ট সংস্করণে আছেন মুমিনুল হক। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে রাখা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

বর্তমানে তিন ফরম্যাটের অধিনায়ক আছেন তিনজন। ওয়ানডে ফরম্যাটে তামিম। মাহমুদউল্লাহ ও মুমিনুল যথাক্রমে টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাটে।

কোন চুক্তিতে আছেন কারা-
ক্রিকেটের দীর্ঘ সংস্করণ টেস্টে আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

ওয়ানডে ফরম্যাটে লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব এবং মুশফিকুর রহিম।

টি-টোয়েন্টি ফরম্যাটে আছেন লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নুসুল হাসান সোহান, নাসুম আহমেদ, মুশফিকুর রহিম, নাঈম শেখ ও শেখ মেহেদী হাসান।

২০২১ সালের সেপ্টম্বরে ২৫ জনকে নিয়ে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে বিসিবি। এবার সেখান থেকে বাদ পড়লেন চারজন। বাদ পড়াদের মধ্যে আছেন সাইফউদ্দিন, সাইফ হাসান, আবু জায়েদ রাহী ও শামীম হোসেন। তাদের মধ্যে আবু জায়েদ ও সাইফ হাসান ছিলেন টেস্ট ফরম্যাটে। শুধু টি-টোয়েন্টিতে ছিলেন শামীম। সাইফউদ্দিন খেলতেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে। যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয় প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তির আওতায় এলেন।

গতকাল বুধবার সব ধরনের ক্রিকেট থেকে অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৫২ দিনের বিশ্রাম দেয় বিসিবি। ফলে তার দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি জানান, শারীরিক-মানসিক অবস্থার ভালো না থাকায় সাকিব ক্রিকেট খেলার মতো অবস্থায় নেই। তাই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিশ্রাম নিতে বলেছে বোর্ড। গত রোববার দুবাইর উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাকিব নিজেও মানসিক ও শারীরিকভাবে আনফিট বলে জানান।