চার ঘণ্টা ১২ মিনিটের লড়াই শেষে বিজয়ের হাসি ফোটে রাফায়ের নাদালের গালে। তীব্র লড়াইয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা।


মঙ্গলবার দিবাগত রাতে রোঁলা গাঁরোর ক্লে কোর্টে কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান সুপারস্টার জোকোভিচকে ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন নাদাল। গত আসরে সেমিফাইনালে নাদালকে হারিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিলেন জোকোভিচ। এবার সেই প্রতিশোধও নিলেন ফ্রেঞ্চ ওপেনের ১৩ বারের রেকর্ড চ্যাম্পিয়ন নাদাল।


লম্বা সময়ের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেননি। প্রথম সেটটা নাদাল ৬-২ জিতলেও র‌্যাংকিংয়ের এক নম্বর তারকা দ্বিতীয় সেট জিতে নেন ৪-৬ গেমে। এ সেটেও এক সময় নাদাল এগিয়ে ছিলেন। তৃতীয় সেটে আবারো জোকিভচকে ৬-২ গেমে হারান নাদাল। তবে চতুর্থ সেটে জমে ওঠে তুমুল প্রতিদ্বন্দ্বীতা। সিক্স অল হয়ে গেলে খেলতে হয় টাইব্রেকারে। কিন্তু নাদালের কাছে টাইব্রেকারে পেরে উঠলেন না জোকোভিচ, হেরেছেন ৭-৬ (৭-৪) গেমে।


১৪তম ফ্রেঞ্চ ওপেনের পথে আরো একধাপ নিজেকে এগিয়ে নিলেন নাদাল। এ স্প্যানিয়ার্ডের সামনে হাতছানি দিচ্ছে টেনিসের ২২তম গ্র্যান্ডস্লাম জয়েরও। সেমিফাইনালে তার প্রতিপক্ষ জার্মানির টেনিস তারকা আলেকজান্ডার জেভেরেভ। 


কোয়ার্টার ফাইনালে ২৫ বছর বয়সী জেভেরেভকেও তুমুল লড়াই করতে হয়েছে নতুন টিনএজ সেনসেশন আলকারাজ গারফিয়ার সঙ্গে। শেষ পর্যন্ত ৬-৪, ৬-৪, ৪-৬, ৭-৬ (৯-৭) গেমে জিতে সেমিফাইনালে উঠেছেন জেভেরেভ।