ট্রেন্ট ব্রিজ টেস্টে জনি বেয়ারস্টো ও বেন স্টোকসের তাণ্ডব টি২০ ও ওয়ানডের চেয়ে কোনোভাবেই কম ছিল না। শেষ দিন জিততে ৭২ ওভারে ২৯৯ রান প্রয়োজন ছিল ইংলিশদের। লাল বলের ক্রিকেটে শেষ দিনে এটি খুব সহজ লক্ষ্য নয়। কিন্তু জয়ের চিন্তা মাথায় রেখে খেলতে নেমে ৯৩ রানে চার উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। যেখানে ড্র নিয়ে ভাবার কথা, সেখানে জয়ের চিন্তা, আবার উইকেটও নেই চারটা! এমন অবস্থায় হারের শঙ্কাই তৈরি হয়েছিল ইংল্যান্ডের সামনে।

কিন্তু সবকিছু বদলে যায় নবনিযুক্ত অধিনায়ক বেন স্টোকস অন্য প্রান্তে থাকা জনি বেয়ারস্টোকে উদ্দেশ করে যখন বললেন, ‘নিচ দিয়ে মারার কথা একদমই চিন্তা করবে না, স্ট্যান্ডে পাঠাও বল!’ যেই বলা, সেই কাজ। ৯২ বলে ১৩৬ রানের বিস্ফোরক ইনিংস খেললেন বেয়ারস্টো। চার-ছক্কার বন্যা বইয়ে দিলেন। মাত্র ৫০ ওভারে ২৯৯ রান তুলে ফেলে ইংল্যান্ড। শেষ সেশনে ৩৮ ওভারে ১৬০ রান প্রয়োজন, কিন্তু তারা সেই রানগুলো করে ফেললেন ১৬ ওভারে! স্টোকস খেলেন ৭০ বলে ৭৫ রানের ইনিংস।

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড টেস্ট দলের কোচের দায়িত্ব নেয়ার পর ইংলিশরা যেন আরো দুঃসাহসী, আরো দুর্বার। দাপুটে ব্যাটিংয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ জিতে নিলেন রুট-স্টোকসরা।

বেয়ারস্টোকে যে কথা বলেছেন স্টোকস, তা টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের নতুন স্লোগানও—হয় আমরা জিতব, না হয় হারব; ড্রয়ের কোনো অপশন নেই!

সাদা বলের মারকুটে ব্যাটার ম্যাককালামের অধীনে ইংলিশদের টেস্ট ক্রিকেটে পরিবর্তনের সম্ভাবনা দেখছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। ভয়ডরহীন ম্যাককালামের মস্তিষ্কে বিশ্বাস করে টেস্ট ক্রিকেটে সাহসী স্বপ্ন দেখছে ইংল্যান্ড।

একজন মারকুটে ব্যাটারকে টেস্ট দলের কোচ নিয়োগ করায় সমালোচনাও শুনতে হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। অনেকে বলছেন, টেস্ট ক্রিকেটকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন ম্যাককালাম।

কিন্তু ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্ক নিকোলাস বলেছেন, ম্যাককালাম টেস্ট ক্রিকেটের মৃত্যু নয়, বরং সে এটার মধ্যে প্রাণ-শ্বাস দিতে চাচ্ছে। তিনি মনে করেন, ম্যাককালামের মগজে বদলে যেতে পারে ইংল্যান্ডের ক্রিকেট।

এই ক্রিকেট বিশ্লেষক আরো বলেন, গত মঙ্গলবার নিউজিল্যান্ডকে হারানোর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইয়র্কশায়ার ও হ্যাম্পশায়ার ম্যাচেও দেখা গিয়েছে এর প্রভাব। ইয়র্কশায়ারের প্রথম ইনিংসে করে ৪২৮ রান, হ্যাম্পশায়ার করে ৪১০ রান। দ্বিতীয় ইনিংসে ইয়ার্কশায়ার ১৭৮ রানে অলআউট হলে হ্যাম্পশায়ারের লক্ষ্য দাঁড়ায় ১৯৮ রান। কিন্তু শেষ দিন বিকালে ৪৫.২ ওভারে ৮ উইকেট হারিয়ে এই রান তুলে ফেলে হ্যাাম্পশায়ার।

ইতিহাসে প্রথমবারের মতো টানা পাঁচ সিরিজে জয় পায়নি ইংল্যান্ড। ১৬ ম্যাচে মাত্র একটি জয় ছিল। সেই ইংল্যান্ডকে সিরিজ জয়ের স্বাদ দিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ক্রিকইনফো