অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান নবম ফিফা নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাম লেখাল কলম্বিয়া। আজ মেলবোর্নে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট পায় তারা। এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাম লেখাল কলম্বিয়ার মেয়েরা।

 

হাড্ডাহাড্ডি লড়াই শেষে জ্যামাইকাকে হারায় কলম্বিয়া। দুই দলেরই বলের ওপর ৫০ শতাংশ দখল ছিল। যদিও শট, অর্ন টার্গেট শট ও কর্নারে এগিয়ে ছিল কলম্বিয়া। ৫১ মিনিটে কাতালিনা উসমের করা গোলে জয় নিশ্চিত হয় লাতিন দলটির। শেষ মুহূর্তে চাপ তৈরি করলেও আর জেতা হয়নি জ্যামাইকার। চলতি টুর্নামেন্টে ৩২১ মিনিট পর এসে প্রথম গোল হজম করে জ্যামাইকা। পরে এই গোলের আর কোনো জবাব খুঁজে পায়নি দ্বীপদেশটির খেলোয়াড়রা।

 

আগামী শনিবার সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও কলম্বিয়া। সোমবার নাইজেরিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে নাম লেখায় ইংল্যান্ড। এদিন স্বাগতিক অস্ট্রেলিয়া ২-০ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ আটে নাম লেখায়। স্বাগতিক দলের হয়ে গোল করেন কেইটলিন ফুর্ড ও হেইলি রাসো।

 

এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ আটে উঠল ইংল্যান্ড। ২০১৫ সালে কোয়ার্টার ফাইনাল খেলা ‘মাতিলদা’রা আরো চারবার নকআউটে উঠলেও বেশিদূর এগোতে পারেনি।

 

শেষ ষোলোয় বড় অঘটনের শিকার টানা দুইবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। গোলশূন্য থাকা ম্যাচে টাইব্রেকারে ৫-৪ গোলের জয় তুলে নেয় তৃতীয় র‍্যাংকধারী দল সুইডেন।   


 

এছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবং নকআউটের ম্যাচে ১৯৯৫ আসরের বিশ্বচ্যাম্পিয়নদের হারায় ২০১১ সালের বিশ্বচ্যাম্পিয়ন জাপান।

 

আগের আট আসরে চ্যাম্পিয়ন হয়েছে মোট ৪টি দেশ, যার মধ্যে টিকে আছে শুধু জাপান। এবার কি জাপান দ্বিতীয় মুকুট মাথায় পরবে? নাকি প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নেবে অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড কিংবা সুইডেন?