ঢাকায় প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত বাংলাদেশ ক্রিকেট দল চট্টগ্রাম টেস্টের জন্য প্রস্তুতি শুরু করেছে। দ্বিতীয় টেস্ট খেলতে ২৬ অক্টোবর দুপুর বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছে টাইগাররা। আজ রোববার দুপুরে অনুশীলন করে নাজমুল হোসেন শান্তর দল। অনুশীলনের পর বিসিবির ভিডিওবার্তায় চট্টগ্রামের সন্তান স্পিনার নাঈম হাসান প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, চট্টগ্রাম টেস্ট জিতে তারা সমতায় ফিরতে চান।
ঢাকায় প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়ার পর সেই ঘাটতি আর কাটিয়ে উঠতে পারেনি টাইগাররা। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ লড়াই করে দলকে ৩০৭ রানের পুঁজি এনে দিলেও প্রোটিয়ারা পায় মাত্র ১০৬ রানের টার্গেট, যা নিয়ে লড়াই করতে পারেনি বাংলাদেশের বোলিং ইউনিট।
সিরিজ বাঁচাতে এবার চট্টগ্রাম টেস্ট জিততেই হবে, যা শুরু হবে মঙ্গলবার। তবে সেটি করতে চাইলে ব্যাটিংয়ে উন্নতির প্রয়োজন। সেই তাগিদ থেকেই আজ দলের অনুশীলন শুরুর প্রায় এক-দেড় ঘণ্টা আগেই মাঠে চলে আসেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ঢাকায় দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছা এই ব্যাটার টিম বয় ও নেট বোলার নিয়ে নেটে প্রায় দুই ঘণ্টা ধরে অনুশীলন করেন।
আগস্ট মাসে রাওয়ালপিন্ডি টেস্টে ১৯১ রানের ধ্রুপদী ইনিংস খেলার পর হাসেনি মুশফিকের ব্যাট। এরপর কোনো ফিফটিও পাননি। পরের ইনিংসগুলো তার যথাক্রমে ৩, ২২, ৮, ১৩, ১১, ৩৭, ১১ ও ৩৩। মুশফিকের মাথা তাই হেঁট। ‘মি. ডিপেন্ডেবল’ এখন যে ঘুরে দাঁড়াতে মরিয়া সেটি অনুশীলনে তার প্রত্যয়ই বলে দিচ্ছে। আর এটাও ঠিক, বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে কিনা, তা যে অনেকখানি নির্ভর করছে এই মুশফিকের ওপরই। মিডল অর্ডারের এই দেয়াল যদি ব্যাটে রান পান, তখন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আর নাঈম হাসানদের ঘূর্ণির মারণাস্ত্র তো তৈরিই থাকছে।
সাগরিকার উইকেটও স্পিন সহায়ক হতে পারে। সেই ইঙ্গিত পেয়েই নাঈম হাসান জানান, স্পিন সহায়ক উইকেট আশা করছেন তারা। তিনি বলেন, ‘এখানে স্পিন উইকেট হতে পারে। যদি তাই হয় তাহলে আমাদের স্পিনাররা ভালো শেপে আছে, আশাকরি ভালো একটা রেজাল্ট আসবে।’
তিনি আরো বলেন, ‘ইনশাল্লাহ আমার মনে হয়, এইখানে আমরা ভালো একটা রেজাল্ট করব। আমরা সিরিজ সমতায় আনার চেষ্টা করব ইনশাল্লাহ।’
এটা তার হোমগ্রাউন্ড। এখানে খেলার অনুভুতি প্রকাশ করে তিনি বলেন, ‘হোমগ্রাউন্ডে খেলতে সবারই ভালো লাগে। আমার ক্যারিয়ারের দুটি ৫ উইকেট এখানে। এখানে সুযোগ পেলে নিজের শতভাগ দিয়ে চেষ্টা করব।
মুশফিক, শান্ত, লিটন, মুমিনুলরা যদি বোর্ডে ভালো রান তুলে দিতে পারেন, এরপর বাকি দায়িত্বটা ভালোভাবেই পালন করতে পারবেন তাইজুলরা।
এদিকে, ঢাকার মতোই দ্বিতীয় টেস্ট ঘিরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সাগরিকায় নিরাপত্তা বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়।










