হাফটাইমে মাঠে নামলেন
উরুগুইয়ান গ্রেট লুইস সুয়ারেজ। তিনিই কানাডা-উরুগুয়ে ম্যাচের ফল নির্ধারণ করে দিলেন।
তার গোলেই সমতায় ফেরে উরুগুয়ে (২-২)। এরপর টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেছেন। উরুগুয়ে
৪-৩ গোলের জয়ে চলতি কোপায় তৃতীয় হওয়ার কৃতিত্ব দেখাল। ৪৫ মিনিট খেলেই ম্যাচের সেরা
খেলোয়াড়ের পুরস্কারটি উঠল সুয়ারেজেরই হাতে।
আজ রোববার (১৪ জুলাই)
শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের খেলা চলছিল। ৯২তম
মিনিটে ডানপ্রান্ত দিয়ে হোসে মারিয়া হিমিনেজের বাড়িয়ে দেয়া ক্রস থেকে বাম পায়ের শটে
গোল করেন সুয়ারেজ। অন্তিত মুহূর্তে তারই গোলে সমতায় ফিরল উরুগুয়ে এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে
জিতে তারাই হাসল তৃতীয় হওয়ার হাসি।
সম্ভবত এটাই উরুগুয়ের
হয়ে ‘এল পিস্তলেরো’খ্যাত সুয়ারেজের শেষ ম্যাচ। যদিও তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেননি এবং
আবার ফিরতেও পারেন বলে গুঞ্জন রয়েছে।
আলোচিত-সমালোচিত তারকা
সুয়ারেজ ২০১১, ২০১৯, ২০২১ ও ২০২৪ সালে উরুগুয়ের হয়ে কোপায় অংশ নিয়ে ১৯ ম্যাচ খেলে করেছেন
৮ গোল। তিনি ছাড়া আর তিন উরুগুইয়ান চার কিংবা তার বেশি কোপায় খেলেছেন: রবার্তো পোর্তা
(৪ আসর), অ্যাঞ্জেল রোমানো (৫ আসর) ও হেক্টর স্কারোনে (৫ আসর)।
২০১১ সালে কোপার শিরোপা জয় করেন
সুয়ারেজ। সেবার তিনি ফাইনালে গোল করেন এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জয়
করেন। ‘বিদায়বেলা’য় আরেকবার নায়ক তিনি।










