চলতি বছর এখন পর্যন্ত জয়রথেই রাফায়েল নাদাল। ব্রিটিশ এক নম্বর খেলোয়াড়
ক্যামেরন নোরিকে ৬-৪,
৬-৪ গেমে
হারিয়ে মেক্সিকান ওপেনের শিরোপা জিতে নিলেন স্প্যানিশ তারকা।
পায়ের পাতার ইনজুরির কারণে গত বছর শেষ দিকে অবসরের ভাবনাও পেয়ে বসেছিল
৩৫ বছর বয়সী নাদালকে। সেই নাদাল এ বছর তিনটি টুর্নামেন্ট খেলে তার সবগুলোতেই
শিরোপা জিতলেন!
মেলবোর্নে ওয়ার্ম-আপ টুর্নামেন্ট জয়ের পর অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছেন দানিল
মেদভেদেভকে হারিয়ে,
যা তার ২১তম
গ্র্যান্ড স্লাম শিরোপা। এবার মেক্সিকান মুকুটও তার মাথায় উঠল।
জয় শেষে নাদাল বলেন, বছরের শুরুটা অভাবনীয়। দেড় মাস আগে কিন্তু কেউই এটা কল্পনাও করতে
পারেনি।
নুরির বিপক্ষে চলতি বছর নিজের ১৫তম জয় তুলে নিলেন নাদাল। শেষ চারে তিনি
হারান র্যাংকিংয়ের এক নম্বরে উঠতে যাওয়া মেদভেদেভকে। ফাইনালে তিনি হারান নোরিকে।
নাদাল শিরোপা জয়ের পথে কোনো সেট হারেননি।
এটা মেক্সিকোয় নাদালের চতুর্থ আর সব মিলে ক্যারিয়ারের ৯১তম এটিপি
শিরোপা। ২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে অ্যাকাপুলকোয় শিরোপা হাতে নেয়ার পর ২০১৩ ও
২০২০ সালেও মেক্সিকোয় শ্রেষ্ঠত্ব পান তিনি। এখন তিনি টুর্নামেন্টের সবচেয়ে তরুণ আর
সবচেয়ে বয়োজ্যেষ্ঠ চ্যাম্পিয়নও।










