হারারে টেস্টে গতকাল প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। জবাবে জিম্বাবুয়ে ১ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে প্রথম দিন মাঠ ছাড়ে।

একমাত্র টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। শুরুর দিকেই মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ। দলীয় ৬ রানের সময় নিউম্যান নিয়ামহুরির শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি। দলের ৩৬ রানের সময় আরেক ওপেনার সাদমান ইসলামকে ফেরান ব্র্যাড ইভানস। এরপর সাবেক অধিনায়ক মুমিনুল হক ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩০ বলের মোকাবেলায় ৭৭ রানের জুটি গড়ে দলের সংগ্রহ একশ পার করান। যদিও এ দুজন কাছাকাছি সময়ে বিদায় নিলে আবার বিপর্যয় শুরু হয়। সেই থেকে অতিথিরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। মারমুখী ব্যাটিংয়ে ৬০ রান করা মুমিনুলকে সাজঘরে ফেরানোর পর নিয়ামহুরি আরো দুবার আঘাত হানেন সফরকারীদের শিবিরে।

অভিজ্ঞ রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানিও যোগ দেন উইকেট শিকারের উৎসবে। স্বাগতিক বোলারদের তোপের মুখে ৪৭.২ ওভারে ১৪০ রান তুলে অলআউট হয়ে যায় টাইগাররা। ৬১ রানে ৪ উইকেট নেন নিয়ামহুরি। ৮১ বলে ১২টি বাউন্ডারিতে ৬০ রান করেন মুমিনুল। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন সাদমান, আর শান্তর ব্যাট থেকে আসে ১৯ রান।

ঠিক পাঁচ বছর পর জিম্বাবুয়ের মাঠে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ দল। ২০২১ সালের জুলাইয়ে এ হারারেতে একমাত্র টেস্টে স্বাগতিকদের ২২০ রানে হারিয়ে দেয় টাইগাররা। প্রথম ইনিংসে মাহমুদউল্লাহ ১৫০ রানের ইনিংস খেলেন, আর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সাদমান। সেবার বল হাতে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। মিরাজ দুই ইনিংসে নিয়েছিলেন ৯ উইকেট।

গত বছর জিম্বাবুয়ের সঙ্গে হোম সিরিজে ১-১-এ ড্র করে বাংলাদেশ। সিলেট টেস্টে জিম্বাবুয়ে জিতলেও ঢাকায় তাদের ইনিংস ব্যবধানে হারিয়ে দেন শান্তরা। এখন পর্যন্ত ২০ টেস্টের মুখোমুখিতে বাংলাদেশ ৯টি ও জিম্বাবুয়ে ৮টি জয় পেয়েছে, আর ড্র হয়েছে ৩টি ম্যাচ। হারারেতে দুই দল ২১তম টেস্টে মুখোমুখি হয়েছে।