বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির ১২ জনের এলিট প্যানেলে জায়গা করে নিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৭ ও ২০২১ নারী ওয়ানডে বিশ্বকাপ, ২০১৮ নারী টি-২০ বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ পরিচালনা করা এ আম্পায়ার এবার নাম লেখালেন আইসিসির এলিট প্যানেলে। 

২০০৬ সাল থেকে ইন্টারন্যাশনাল প্যানেলের অংশ সৈকত। মূল আম্পায়ারদের একজন হিসেবে ম্যাচ পরিচালনা করছেন ২০১০ সাল থেকে। আইসিসির আম্পায়ারদের ইমার্জিং তালিকায়ও ছিলেন বেশ কিছুদিন ধরেই। এবার এলিট প্যানেল থেকে দক্ষিণ আফ্রিকার ৬০ বছর বয়সী মারাইস ইরাসমাস অবসরে যাওয়ার পর সৈকতের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। অবশেষে অপেক্ষার অবসান ঘটল।

সৈকত এখন পর্যন্ত ১০ টেস্ট, ৬৩ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। তিনটি বিভাগেই দেশের সর্বোচ্চ। সব মিলিয়ে দেশের হয়ে সর্বোচ্চ ১১৮টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। 

আইসিসির প্রধান নির্বাহী জেফ অ্যালারডাইস এক বিবৃতিতে শুভেচ্ছা জানান শরফুদ্দৌলাকে। তিনি বলেন, ‘আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ায় শরফুদ্দৌলাকে অভিনন্দন জানাই এবং বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে এ প্যানেলে জায়গা পাওয়ার অর্জনকে অভিবাদন জানাই। আন্তর্জাতিক ম্যাচে ও আইসিসি টুর্নামেন্টগুলোয় বহু বছরের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এ স্বীকৃতি তার দারুণভাবেই প্রাপ্য।’

নব্বইয়ের দশকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ ছিলেন শরফুদ্দৌলা। বাংলাদেশ ‘এ’ দল ও জাতীয় দলে খেলেছেন, আইসিসি ট্রফিতেও অংশ নিয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাননি। পরে ক্যারিয়ার গড়েন আম্পায়ারিংয়ে। 

ইতিহাস গড়ে ৪৭ বছর বয়সী সৈকত বলেন, ‘আইসিসি এলিট প্যানেলে জায়গা পাওয়া বড় সম্মানের। এ প্যানেলে দেশের প্রথম প্রতিনিধি হতে পারা বিশেষ কিছু। বছরের পর বছর ধরে অনেক অভিজ্ঞতা আমার হয়েছে এবং আরো চ্যালেঞ্জিং অভিযানের জন্য আমি তৈরি। আমাকে সমর্থন দেয়ায় আইসিসি ও বিসিবিকে ধন্যবাদ জানাই আমি।’”

আইসিসির নির্বাচক কমিটি এলিট প্যানেলের আম্পায়ারদের বাছাই করেন। এ কমিটিতে আছেন আইসিসির মহাব্যবস্থাপক (ক্রিকেট) ওয়াসিম খান, সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার, এলিট প্যানেলের সাবেক আম্পায়ার নিউজিল্যান্ডের টনি হিল ও কনসালট্যান্ট মাইক রাইলি।

আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ার্স: কুমার ধর্মসেনা (শ্রীলংকা), ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড), মাইকেল গফ (ইংল্যান্ড), আড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), আহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), রডনি টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)।