দিল্লিতে এক ব্লকবাস্টার ম্যাচ দিয়ে শুরু হয় এবারের ভারত ও দক্ষিণ আফ্রিকার টি২০ সিরিজ। প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ টি২০ স্কোর গড়ে স্বাগতিকরা, জবাবে অতিথি দলটিও ভারতের বিপক্ষে রান তাড়া করার রেকর্ড গড়ে ম্যাচটি জিতে যায়। পাঁচ ম্যাচের সিরিজে আজ ২-০তে এগিয়ে যাওয়ার সুযোগ  তেম্বা বাভুমার দলের। উড়িষ্যার কটকে দ্বিতীয় টি২০ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৭টা ৩০ মিনিটে।

 

এই ম্যাচে অপরিবর্তিত স্কোয়াড নিয়েই নামতে পারে ভারত। যদিও পেস বোলার উমরান মালিক কিংবা আরশদ্বীপ সিংয়ের মধে একজন পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

 

কভিড-১৯ পজিটিভ হওয়ায় প্রথম ম্যাচটি খেলতে পারেননি প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম। তাকে ৮ জুন থেকে ন্যূনতম সাতদিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে বলে খেলা হবে না প্রথম তিনটি ম্যাচ। তাতে অবশ্য দলে খুব বড় প্রভাব পড়েনি। অতিথিরা ভালোভাবেই প্রথম ম্যাচটি উতড়ে গেছে। দলে খুব বেশি পরিবর্তন আসছে না। তবে কন্ডিশন আর উইকেট যদি পেসবান্ধব হয় তবে কেশব মহারাজকে বসিয়ে রেখে লুঙ্গি এনগিডি কিংবা মার্কো ইয়ানসেনের একজনকে সুযোগ দেয়া হতে পারে।

 

বড়বাটি স্টেডিয়ামে মাত্র দুটি টি২০ ম্যাচ হয়েছে, যার একটিতে আবার দক্ষিণ আফ্রিকার কাছে নিজেদের চতুর্থ সর্বনিম্ন রানে অলআউট হয়েছে ভারতীয়রা। অন্যটি তারা খেলেছে শ্রীলংকার বিপক্ষে, যেটিতে লংকানরা ৮৭ রানে গুটিয়ে যায়, যা সিংহলিজদের যুগ্মভাবে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

 

প্রোটিয়া পেস বোলার ওয়েন পারনেল বলছেন, এখানে বোলারদের কাজটি কঠিন হতে পারে। এরপরও তার আশা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে এখানে।

 

সাত বছর আগে এই মাঠে ভারতকে হারানো দলটির মধ্যে শুধু ডেভিড মিলার ও কাগিসো রাবাদা বর্তমান দলে টিকে আছেন। আর ওই ম্যাচ খেলাদের মধ্যে শুধু ভুবনেশ্বর কুমার ও অক্ষর প্যাটেল আছেন বর্তমান ভারতীয় দলে।

 

ভুবনেশ্বর বলেছেন, প্রথম ম্যাচে হেরে যাওয়ায় তাদের আতঙ্কের কিছু নেই। তার কথায়, আমরা পরের ম্যাচে শক্তিশালীরূপেই ফিরব।

 

আর একটি উইকেট পেলেই টি২০ ক্রিকেটে ৫০ উইকটে পূর্ণ হবে রাবাদার। এই সিরিজে উইকেটটি পেলে তিনি দ্বিতীয় দ্রুততম প্রোটিয়া হিসেবে ৫০ উইকেট শিকার করবেন। ৩১ ম্যাচে ৫০ উইকেট নিয়ে দ্রুততম শিকারের রেকর্ডটা ধরে রেখেছেন ইমরান তাহির।