অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের শুরুতেই অঘটন। আজ ভিক্টোরিয়ার জিলংয়ে আসরের উদ্বোধনী ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকাকে ৫৫ রানে হারিয়ে দিল আফ্রিকার দেশ নামিবিয়া!

 

এবারের আসরের প্রথম টসে জয়লাভ করে শ্রীলংকা। দাসুন শানাকা ফিল্ডিং বেছে নেন। যদিও যেমনটা ভেবেছিলেন লংকান অধিনায়ক, প্রতিপক্ষ তার চেয়েও অনেক ভালো ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে। গেরহার্ড এরাসমাসের দল ৭ উইকেটে ১৬৩ রানের লড়াকু সংগ্রহ গড়ে। ইয়ান ফ্রাইলিংক ২৮ বলে ৪৪, জেজে স্মিট ১৬ বলে ৩১, স্টেফান বার্ড ২৪ বলে ২৬, ইয়ান নিকোল লফটি-ইয়াটন ১২ বলে ২০ ও এরাসমাস ২৪ বলে ২০ রান করেন।

 

সপ্তম উইকেটে ফ্রাইলিংক ও জেজে স্মিট ৩৩ বলে ৬৯ রান যোগ করে শ্রীলংকাকে হতাশ করেন। প্রমোদ মদুশান ৩৭ রানে দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন মহেশ থিকসানা, দুশমন্ত চামিরা, চামিকা করুনারত্নে ও হাসারাঙ্গা ডি সিলভা।

 

ব্যাটিংয়ের সাহসী নামিবিয়া বোলিংয়ে আরো মুগ্ধতা ছড়ায়। দ্বিতীয় ওভারেই ওপেনার কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান অভিজ্ঞ ডেভিড উইজে। তার দেখানো পথ ধরে বার্নার্ড স্কোলজ (২/১৮), বেন শিকোঙ্গো (২/২২) ও ইয়ান ফ্রাইলিংক (২/২৬) সাঁড়াশি বোলিংয়ে বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলংকাকে চমকে দেন। একটি পর্যায়ে ৪০ রানে চার উইকেট হারায় লংকানরা। দ্রুত উইকেট হারাতে থাকায় আস্কিং রান রেটও বেড়ে যায়। ফলে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি ২০১৪ আসরের চ্যাম্পিয়নদের।

 

লংকানদের উইকেট পতনের সূচনা হয় উইজের হাত ধরে, শেষটাও করেন তিনি। ১৯তম ওভারের শেষ বলে দুশমন্ত চামিরাকে আউট করার মধ্য দিয়ে তিনিই নামিবিয়ার ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। ১৯ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা।

 

ব্যাট বলে অনবদ্য পারফর্ম করে ২০২২ টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় ইয়ান ফ্রাইলিংক।

 

টি২০ বিশ্বকাপে আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে বাংলাদেশ ও জিম্বাবুয়ের চেয়ে বেশি জয় এখন নামিবিয়ার। ২০২১ আসরে আয়ারল্যান্ডকে ও ২০২২ আসরে শ্রীলংকাকে হারনোর কৃতিত্ব দেখালো দলটি। 


এই হারের ফলে প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভ রাউন্ডে ওঠার কাজটি কঠিন হয়ে পড়ল শ্রীলংকার জন্য। আজ ‘এ’ গ্রুপে দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। প্রথম রাউন্ড থেকে চারটি দল উঠবে সুপার টুয়েলভ রাউন্ডে।