নবাগত গুলশান ক্রিকেট ক্লাব চলতি ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই হারিয়ে দেয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ওইদিন হেরেছিল আবাহনী লিমিটেডও। আজ বৃহস্পতিবার সেই গুলশান ক্রিকেট ক্লাবকে ১৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল আবাহনী। তাদের ৩২৩ রানের জবাবে গুলশান ক্রিকেট ক্লাব ৯ উইকেটে ১৬১ রান তুলতে সমর্থ হয়।
বিকেএসপির ৪ নম্বর মাঠে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে ৩২৩ রানের সৌধ গড়ে আবাহনী। ইমন ৯ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১২৪ বলে ১২৬ রান করেন। এছাড়া মোহাম্মদ মিঠুন ৬৫ বলে ৭২ রান করেন। আসাদুজ্জামান পায়েল ৬৫ রানে ৩ উইকেট নেন।
বড় টার্গেট তাড়া করতে ২৯.৪ ওভারে ১৬১ রান তুলতে সমর্থ হয় গুলশান। রায়হান আলী ইকরাম অসুস্থ থাকায় ব্যাটিংয়ে নামতে পারেননি। আবাহনীর পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ২৯ রানে ৩টি ও স্পিনার রাকিবুল হাসান ৪০ রানে ৪টি উইকেট নেন।
জয়ে ফিরেছে মোহামেডান। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৭ উইকেট হারিয়েছে তামিম ইকবালের দল। আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২২২ রান সংগ্রহ করে রূপগঞ্জ। মাহিদুল ইসলাম অঙ্কন (৯৭ বলে ৮১) ও তাওহীদ হৃদয়ের (৪৭ বলে ৭৪) ব্যাটে ভর করে ৭৩ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।
বিকেএসপিতে আলাউদ্দিন বাবুর ঝড়ো ব্যাটিংয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩০০ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। নয় নম্বরে নামা আলাউদ্দিন বাবু ৩২ বলে ৭ ছক্কায় ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলে পারটেক্সকে অভাবনীয় এক জয় এনে দেন।










