আজ (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সাফল্য উদযাপনের দিন, সফল নারীদের গল্প শোনার ও অনুপ্রেরণা খোঁজার দিন। যদিও এ দিনটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য নিলুফা ইয়াসমিন নিলা।
নারী হিসেবে নারী দিবসে অন্যদের জন্য আপনার বার্তা কী? বণিক বার্তার এমন প্রশ্নের জবাবে ২০২২ ও ২০২৪ সালে টানা দুবার সাফ শিরোপাজয়ী নিলা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘যে বাংলাদেশে ৮ বছরের শিশু নির্যাতনের শিকার হচ্ছে সেখানে আর নারী দিবস কিসের? যেখানে রাস্তাঘাটে নারীদের নিরাপত্তা নেই সেই দেশে নারী দিবস মানায় না। আমি দুঃখিত, এ বিষয়ে কথা বলতে আগ্রহী নই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিলার এক সময়ের সহপাঠী ও বাংলাদেশের আরচারির উজ্জ্বল মুখ দিয়া সিদ্দিকী সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। শুক্রবার রাতে সেখান থেকে ফোনে বণিক বার্তাকে তিনি নারী দিবস নিয়ে বলেছেন, ‘আসলে কী বলব, বুঝতে পারছি না। সত্যি বলতে কী, দেশে যা হচ্ছে, তা দুঃখজনক। নারীর কোনো নিরাপত্তা নেই। ধর্ষণ, নির্যাতন নিত্য ঘটনা এবং মানুষ যেন এতে (ইউসড টু) অভ্যস্ত হয়ে গেছে। আসলে যাদের সন্তান চলে যাচ্ছে তারা বুঝতে পারছে কতটা ক্ষতির মুখে পড়েছেন তারা। দেখুন, গরীব মানুষগুলোই বেশি শিকার হচ্ছে, যাদের কিনা হেল্প করার মতো কেউ নেই।’

যখন ঢাবিতে সহপাঠী ছিলেন দিয়া ও নিলা
দিয়া আরো বলেন, ‘আমি কী বলব তা নিয়ে কনফিউজড। আমি খেলার সময় নিজেও বিভিন্ন সময় হ্যারাসমেন্ট বলব না, টিজিংয়ের শিকার হয়েছি। এখন যেমন বিদেশে থেকেও ভয়ে ফেসবুকে ঢুকি না।’
তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রে যেমন অপরাধীকে সোজা জেলে ঢোকানো হয় বাংলাদেশেও তেমনটি করতে পারলে অপরাধ অনেকটা কমতো।
হতাশার মাঝেও মেয়েদের অর্জনে তিনি খুশি। দিয়া বলেন, ‘মেয়েরা সব খেলাতেই ভালো করছে। ফুটবল, ক্রিকেটে নিয়মিত সাফল্য আসছে। কাবাডিতেও এশিয়ান পদক জিতল ইরানে। এসব দেখে ভালোই লাগে। যদিও নারীদের চলার পথ আর কর্মপরিবেশের উন্নতি হচ্ছে না।’










