ভারতীয় কট্টরপন্থী ক্রিকেট সমর্থকদের চাপের মুখে বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কে এখন বিরাট ভাঙন ধরেছে। আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল, যা এরই মধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে দুই দেশ যখন যুদ্ধে লিপ্ত তখন মুস্তাফিজুর রহমানকে নিয়ে সুখবর—তিনি যোগ দিচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। আজ মঙ্গলবার পিএসএলের এক্স হ্যান্ডেলের এক পোস্টে এ কথা জানানো হয়েছে।
পিএসএলের পোস্টে মুস্তাফিজ রহমানের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে। এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান।’
পিএসএল শুরু হবে ২৬ মার্চ। মুস্তাফিজ ২০১৮ সালে এক মৌসুমে পিএসএল খেলেছেন। লাহোর কালান্দার্সের হয়ে সেবার ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তার আইপিএল ক্যারিয়ার বেশ বর্নাঢ্য। ২০১৬ সাল থেকে তিনি নিয়মিত মুখ। প্রথম মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপা জয় করেন এবং সেবার সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জয় করেন।
মুস্তাফিজুর লিগটিতে খেলা নিশ্চিত করেছেন। তবে তিনি কোন দলে খেলবেন, সেটি এখনো নিশ্চিত হয়নি। প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলভুক্ত করবে কোনো ফ্র্যাঞ্চাইজি। প্লেয়ার্স ড্রাফটের তারিখ এখনো ঠিক হয়নি। এবারই প্রথম পিএসএল হবে ৮ দলের।
দল নিশ্চিত না হওয়ায় মুস্তাফিজ কত টাকা পাবেন, সেটিও নিশ্চিত নয়। তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।









