আফগানিস্তানের বিপক্ষে বল হাতে দারুণ পারফর্ম করেছেন নাসুম আহমেদ। এর ফল পেতেও বেশ দেরি হয়নি বাঁহাতি এ স্পিনারের। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোলারদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে প্রথমবার সেরা দশে জায়গা পেয়েছেন তিনি। আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে ৬০ রান করায় উন্নতি হয়েছে লিটন দাসেরও।
এদিকে টেস্টে শীর্ষ অলরাউন্ডারের জায়গাটা ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের কাছ থেকে নিয়ে নিয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
আইসিসির র্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ হয়েছে আজ। সেখান থেকেই র্যাংকিংয়ের সর্বশেষ অবস্থা জানা যায়। আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১০ রানে ৪ উইকেট পান নাসুম। পরের ম্যাচেই অবশ্য ২৯ রান দিয়েছিলেন উইকেটশূন্য। তবে প্রথম ম্যাচের নৈপুণ্য সেরা দশে ঠাঁই করে দিয়েছে তাকে।
সেরা দশের বাইরে শেখ মেহেদি হাসান আছেন ১৩ নম্বরে। আফগানদের বিপক্ষে বাজে বল করে সাকিব আল হাসান চার ধাপ পিছিয়ে আছেন ১৯ নম্বরে। মুস্তাফিজুর রহমানের অবস্থান ২১ নম্বরে।
বোলারদের র্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি, দুইয়ে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড, তিনে আদিল রশিদ এবং এক ধাপ উন্নতি করে অ্যাডাম জাম্পা উঠে গেছেন চারে। বাংলাদেশের বিপক্ষে খুব একটা ভালো না করায় এক ধাপ নিচে নেমে পাঁচে রশিদ খান।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে বাবর আজমই শীর্ষে। আফগানিস্তানের হযরতুল্লাহ জাজাই বাংলাদেশের বিপক্ষে ফিফটির পর আছেন ১৩ নম্বরে। সিরিজে চরম ব্যর্থ বাংলাদেশের ওপেনার নাঈম শেখ তিন ধাপ নেমে আছেন ২৭ নম্বরে। প্রথম ম্যাচে ৪৪ বলে ৬০ রানের ইনিংসের পর ২৬ ধাপ উপরে উঠে ৪৯ নম্বরে লিটন।
আগের সপ্তাহে টেস্ট র্যাংকিংয়ে ১২ নম্বরে উঠে দেশের হয়ে রেকর্ড গড়েছিলেন লিটন দাস। এ সপ্তাহে আজহার আলিকে জায়গা করে দিতে তাকে এক ধাপ নিচে নামতে হয়েছে।
শ্রীলংকার বিপক্ষে ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রানের পর দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে উড়ছিলেন জাদেজা। ভারতের এ অলরাউন্ডারই এখন টেস্টে এক নম্বরে।
তাকে জায়গা করে দিতে নিচে নেমে গেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। জাদেজার রেটিং পয়েন্ট এখন ৪০৬, হোল্ডারের ৩৮২। বাংলাদেশের সাকিব আল হাসান ৩২৪ রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকায় চতুর্থ।










