নিজের পঞ্চম ও শেষ বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ মিশনে দেশের হয়ে জ্বলে উঠতে মরিয়া পাঁচবারের এই ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড়। কাতার বিশ্বকাপে বৃহস্পতিবার তার দল মুখোমুখি হবে ঘানার।
সম্প্রতি এক সাক্ষাত্কারে ম্যানইউর কোচ এরিক টেন হ্যাগ, ক্লাব মালিক ও ম্যানইউ সতীর্থদের সমালোচনা করায় রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করেছে ম্যানইউ। ফলে ৩৭ বছর বয়সী রোনালদো এখন ক্লাবহীন। এই পরিস্থিতিতে তিনি জাতীয় হলের হয়ে ভালো পারফর্ম করতে চাইবেন।
আধুনিক ফুটবলের অন্যতম গ্রেট এই খেলোয়াড়টির সামর্থ্য নিয়ে কারো প্রশ্ন নেই। রিয়াল মাদ্রিদ, ম্যানইউ ও জুভেন্টাসের হয়ে তিনি বহু শিরোপা জিতেছেন। তার শোকেসটা ট্রফিতে ঠাসা। কিন্তু শেষ সময়ে এসে তিনি খারাপ সময়ে পড়লেন আনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। এ থেকে উত্তরণে ও দেশের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের আশায় কাতারে নিজের সেরাটা নিংড়ে দেয়ার চেষ্টা করবেন সিআরসেভেন। রোনালদো ও তার সতীর্থদের প্রথম পরীক্ষা দোহার ‘স্টেডিয়াম ৯৭৪’-এ।
ক্লাব নিয়ে সংকটে পড়া রোনালদো এ সপ্তাহে দোহায় সংবাদ সম্মেলনে বলেছেন, কোনো কিছুই এই স্কোয়াডকে নড়বড়ে করবে না।
অবশ্য পারে ঘানার কাছে একটি হার! আফ্রিকান দলটি এই বিশ্বকাপের সবচেয়ে নিচের র্যাংকধারী (৬১) দল হলেও তারা চমক দেখানোর সামর্থ্য রাখে। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের পর নিশ্চিতভাবেই প্রতিপক্ষকে আর কেউ ছোট করে দেখার সাহস পাবে না। পারবে না পর্তুগালও। এই গ্রুপের বাকি দুটি দল হলো উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।
২০১০ সালের বিশ্বকাপে ঘানার রয়েছে গৌরবোজ্জ্বল স্মৃতি। সেবার লুই সুয়ারেজ ইচ্ছেকৃতভাবে হ্যান্ডবল করে ঘানাকে গোলবঞ্চিত করেছিলেন। ঘানা পেনাল্টি পেলেও গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ঘানাকে কাঁদিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় উরুগুয়ে।
এবারো ভালো করার মতো রসদ আছে ঘানার। আর্সেনালের অ্যাংকরম্যান টমাস পার্টে আর আয়াক্সের হয়ে ভালো পারফর্ম করা মোহাম্মদ কুদুস যেকোনো প্রতিপক্ষকে চমকে দিতে পারেন। এরপরও আজ ফেভারিট হিসেবে নামবে ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা, যাদের তাবুতে রয়েছে একঝাঁক তারকা, যারা ইউরোপের বিভিন্ন লিগের শীর্ষ ক্লাবে খেলেন।
তবে সব আলো থাকবে ৩৭ বছর বয়সী রোনালদোর ওপর। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১৭ গোলের মালিক পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও গোলের রেকর্ডটা নিজের করে নিয়েছেন। ইউরো জিতেছেন, নেশন্স লিগ জিতেছেন। এবার কাতারে বিশ্বকাপ জিতে অমরত্ব পাওয়ার হাতছানি তার সামনে।










