আজ শুরু হতে যাওয়া টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে জসপ্রিত বুমরাহর জায়গায় ডাক পেলেন আরেক পেস বোলার মোহাম্মদ শামি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শামি এরই মধ্যে ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দিয়েছেন। সেখানে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ও বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচ খেলবে রোহিত শর্মার দল।
বিসিসিআই জানিয়েছে, সদ্যই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের রূপকার ও সিরিজসেরা খেলোয়াড় মোহাম্মদ সিরাজ আর শারদুল ঠাকুরও ব্যাকআপ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে শিগগিরই যোগ দেবেন।
৩ অক্টোবর পিঠের চোটে পড়েন বুমরাহ, তিনি ছিটকে যান ছয় সপ্তাহের জন্য। হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা আগেই ইঙ্গিত দেন, অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা রয়েছে এমন কাউকেই বুমরাহর জায়গায় নেয়া হবে। শামির অস্ট্রেলিয়ায় একাধিক ট্যুরে খেলার অভিজ্ঞতা রয়েছে বলেই তিনি এ রেসে এগিয়ে থাকেন। এখানে দুটি টেস্ট সিরিজ জয়ের অংশ ছিলেন তিনি, খেলেছেন ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপও, যখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হন এই ডানহাতি পেস বোলার।
অস্ট্রেলিয়ায় ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, হারশাল প্যাটেল ও হার্দিক পান্ডিয়ার সঙ্গে পেস ব্রিগেডে যোগ দেবেন শামি।
এদিকে উসমান কাদির ডান হাতের বৃদ্ধাঙ্গুলের চোট থেকে সঠিক সময়ে সেরে না ওঠায় পাকিস্তানের ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হয়েছেন ব্যাটসম্যান ফখর জামান। ফখর এর আগে অপেক্ষমাণ তালিকায় ছিলেন, এখন সেই তালিকায় চলে যাবেন উসমান কাদির। এছাড়া মোহাম্মদ হারিস আর শাহওয়াজ দাহানিও আছেন অপেক্ষমাণ তালিকায়।
পেসম্যান শাহিন শাহ আফ্রিদি ও ফখর জামান উভয়ই হাঁটুর চোটের কারণে লন্ডনে চিকিৎসা শেষে পুনর্বাসনে ছিলেন। সেখান থেকে গতকাল ব্রিসবেনে যোগ দেন দলের সঙ্গে। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচ খেলার কথা রয়েছে এই দুজনের। এরপর ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচ খেলবে বাবর আজমের দল।










