রাতে অস্ট্রেলিয়ার
বিরুদ্ধে নিজের হাজারতম ম্যাচে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। রেকর্ড
ম্যাচে তার পরফরম্যান্সের জাদুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।
আর শনিবার (৩ ডিসেম্বর) রাতের এ জয় আর্জেন্টিনাকে নিয়ে গিয়েছে শেষ আটে। রয়টার্সের এক
শিরোনামে বলা হয়েছে, আর্জেন্টিনাকে নিজের কাঁধে তুলে নকআউট পার করেছেন লিও।
রয়টার্সের প্রতিবেদক
নিক মেলভেনি লিখেছেন, দীর্ঘদিন ধরেই পুরো আর্জেন্টিনা দলের ভার একা বহন করছেন মেসি।
আর এবার কাতার বিশ্বকাপের চার ম্যাচে তিন গোল করে তিনি যে ফর্মের দিকে যাচ্ছেন, তাতে
মনে হচ্ছে আর্জেন্টিনাকে এবার বিশ্বকাপের শেষ দেখাবেন তিনি।
রাতের ওই ম্যাচে অস্ট্রেলিয়ার
বিরুদ্ধে প্রথম গোলটি করেন মেসিই। এর মাধ্যমে বিশ্বকাপে ৯ গোল করে গোলসংখ্যায় টপকে
গেলেন দিয়েগো ম্যারাডোনাকে। প্রয়াত কিংবদন্তি করেছিলেন ৮টি। এবার সামনে রয়েছে গ্যাব্রিয়েল
বাতিস্তুতার ১০ গোলের রেকর্ড। বাতিস্তুতাকে টপকে গেলেই বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক গোলের
শিরোপা যাবে মেসির হাতে।
এর আগে পাঁচটি বিশ্বকাপ
খেললেও নকআউট পর্যায়ে এবারই প্রথম গোল করলেন লিও। কাতার বিশ্বকাপের গ্রুপপর্বেও দুটি
গোল করেছেন তিনি।
শনিবার রাতে আহমাদ
বিন আলি স্টেডিয়ামে প্রথমার্ধে এলোমেলো খেললেও ৩৬ মিনিটে মেসির গোলে ছন্দ ফিরে আসে
আর্জেন্টিনা দলে। বিরতির পর ম্যাচের ৫৭তম মিনিটে অস্ট্রেলিয়ান গোলরক্ষকের ভুলে গোলটি
করেন হুলিয়ান আলভারেজ। অবশ্য ম্যাচের ৭৭তম মিনিটে ব্যবধান কমান ক্রেইগ গুডউইন। অস্ট্রেলিয়ার
পক্ষে তার একটি শটে ম্যাচের স্কোর দাঁড়ায় ২-১ গোলে।
ম্যাচের শেষ বিশ মিনিটে
অন্তত দুটি ভালো সুযোগ পেলেও তা আর কাজে লাগাতে পারেনি অস্ট্রেলিয়া। শেষপর্যন্ত ২-১
গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া।










