ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ শুক্রবার জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন ও ধানমন্ডি স্পোর্টস ক্লাব। শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ৪ উইকেটে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে, বিকেএসপির ৪ নম্বর মাঠে ব্রাদার্স ৭ উইকেটে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ও বিকেএসপির ৩ নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ২৪ রানে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছে।

ইয়াসির আলী চৌধুরীর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩৩২ রানের সৌধ গড়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ১২১ বলে ৭টি চার ও ৭টি ছক্কায় ১৪৩ রান করেন ইয়াসির। এছাড়া মঈন খান ৬৩ বলে ৬২ ও জিয়াউর রহমান ১৮ বলে ৪২ রান করেন। জবাবে লিজেন্ডস অব রূপগঞ্জ ৯ উইকেটে ৩০৮ রান তুলতে সমর্থ হয়। আফিফ হোসেন ধ্রুব ৯৬ বলে ৯৮, সাইফ হাসান ১১২ বলে ৯৫ ও রেজাউর রহমান রাজা ৩৯ বলে ৪৯ রান করেন।

গাজী গ্রুপের শক্ত বোলিংয়ের মুখে ৪৬.২ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। অমিত হাসান ১১১ বলে ৮৯ ও ইমরুল কায়েস ৬১ বলে ৫০ রান করেন। আব্দুল গাফফার সাকলাইন ৩৫ রানে ৩টি উইকেট নেন। জবাবে সাদিকুর রহমান ও তোফায়েল আহমেদের ফিফটিতে ১৪ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় গাজী গ্রুপ। সাদিকুর ৯৬ বলে ৮৯ ও তোফায়েল ৬৪ বলে ৫২ রান করেন।

শাইনপুকুরের বিপক্ষে ২৮৯ রান তাড়া করে জিতেছে ব্রাদার্স। মো. রহিম আহমেদের ৯৫ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করে শাইনপুকুর। বিশাল এই রান তাড়া করতে নেমে ব্রাদার্সকে সহজ জয় এনে দেন মিজানুর রহমান ও মাহফিজুল ইসলাম রবিন। মিজানুর ১২৯ বলে ১৩৬ ও রবিন ১২৭ বলে ১১৪ রান করেন।