আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। চোটমু্ক্ত হয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন ফাস্ট বোলার অ্যাডাম মিলনে। প্রথমবার টি২০ বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ফিন অ্যালেন ও মাইকেল ব্রেসওয়েল। আগামী মাসে টি২০ বিশ্বকাপের আগে ঘরের মাটিতে পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলবে নিউজিল্যান্ড। বিশ্বকাপের জন্য ঘোষিত দলটি অংশ নেবে ত্রিদেশীয় সিরিজেও। ৭ অক্টোবর শুরু হবে সিরিজটি।
লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও অ্যাডাম মিলনেদের নিয়ে শক্তিশালী ফাস্ট বোলিং আক্রমণ সাজিয়েছে নিউজিল্যান্ড। তবে পিটের চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার কাইল জেমিসনের।
প্রথম পছন্দের উইকেটকিপার হিসাবে থাকছেন ডেভন কনওয়ে। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, প্রয়োজন পড়লে অ্যালেন অথবা গ্লেন ফিলিপস এই দায়িত্ব পালন করতে পারবেন।
গত টি২০ বিশ্বকাপে ফার্গুসন চোটাক্রান্ত হলে অ্যাডাম মিলনে স্থলাভিষিক্ত হন। এবার দুইজনকে একসঙ্গেই দলে রাখা হয়েছে। ক্যারিয়ারে ৩১ টি২০তে ৩২টি উইকেট নিয়েছেন মিলনে।
নিউজিল্যান্ড কোচ বলেছেন, মিলনে ও মেডিকেল কর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা আত্মবিশ্বাসী হতে পেরেছি, সব কিছু ঠিক থাকলে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই তাকে আমরা পাচ্ছি।
আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি২০ বিশ্বকাপের অষ্টম আসর। ১৩ নভেম্বর শেষ হবে আসরটি।
নিউজিল্যান্ডের টি২০ বিশ্বকাপ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট ও ফিন অ্যালেন।










