ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি মৌসুমে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। অন্ধ্রপ্রদেশের রাজধানী বিশাখাপত্তমে আজ মুস্তাফিজের চেন্নাই খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

টানা দুই ম্যাচ জিতেছে চেন্নাই। ২২ মার্চ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশী তারকা মুস্তাফিজুর রহমান ২৯ রানে ৪ উইকেট শিকার করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইকে ৬ উইকেটে জিতিয়েছেন। ২৬ মার্চ গুজরাট টাইটান্সকে ৬৩ রানে হারিয়েছে চেন্নাই। এ ম্যাচে ৩০ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। 

গতকাল পর্যন্ত ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে চলতি আইপিএলে চার্টের শীর্ষে অবস্থান করছেন মুস্তাফিজ। কলকাতার হরষিত রানা ৫ উইকেট নিয়ে তালিকার দুইয়ে। 

মুস্তাফিজদের কল্যাণে পয়েন্ট টেবিলেও ১ নম্বরে অবস্থান করছে চেন্নাই। দুই ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। এছাড়া কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসও দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে। দিল্লি দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। প্রথম দুই ম্যাচ নিজেদের মাঠে খেলার পর এ প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে চেন্নাই। 

আহমেদাবাদে আজ বিকাল ৪টায় মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। উভয় দল দুই ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে।

এদিকে, প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় মুস্তাফিজকে ‘গোলাপি’ ক্যাপ উপহার দিয়েছে চেন্নাই। ক্যাপটি পরে তিনি দ্বিতীয় ম্যাচ খেলেছেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘গোলাপি ক্যাপ পরে খেলার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা বিশেষ এক অনুভূতি। সতীর্থ ও সমর্থকদের কাছ থেকে ভালোবাসায় আমি আপ্লুত। এ স্মৃতি বহুদিন মনে থাকবে আমার। সমর্থন ও ভালোবাসা দিয়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা।’