ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) পঞ্চদশ আসরে নিজেদের প্রথম সিজনেই শিরোপা জিতে নিয়েছে গুজরাট টাইটানস। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সাত উইকেটের জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দলটি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববারের এ ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেনে এক লাখের বেশি দর্শক। টসে জিতে ব্যাট করতে নেমে গুজরাটের সামনে রাজস্থান রয়্যালস বেধে দিয়েছিল ১৩০ রানের টার্গেট। ১১ বল হাতে রেখেই ১৩৩ রান করে পান্ডিয়ার দল। অধিনায়ক হিসেবে তিনি নিয়েছেন তিনটি উইকেট। চার ওভারে দিয়েছেন ১৭ রান। ব্যাটার হিসেবে মাঠে নেমে করেছেন ৩৪ রান। অপরাজিত থেকে শুবমান গিল করেছেন ৪৩ বলে ৪৫ রান এবং ডেভিড মিলার ১৯ বলে ৩২ রান। দুজনেই একটি করে ছয় হাঁকিয়েছেন। আর চার হাঁকিয়েছেন তিনটি করে।
এবার নিজেদের অভিষেক আসরেই ফাইনালে উঠেছিল গুজরাট। অন্যদিকে দীর্ঘ ১৪ বছর পর ফাইনালে ওঠে রাজস্থান। দ্বিতীয় কোয়ালিফায়ারে জস বাটলারের সেঞ্চুরিতে বেঙ্গালুরুকে উড়িয়ে দিলেও ফাইনালে এসে তেমন লড়াই করতে পারেনি রাজস্থান। ১১ বল ও ৭ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয় গুজরাট।










