সাতবারের অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যালিসন ফিলিক্সের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। ওরেগনে চলমান ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে শুক্রবার ৪০০ মিটার মিশ্র রিলেতে ব্রোঞ্জ জয়ের মধ্য দিয়ে শেষ হলো তার সোনালি যাত্রা। তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসর নিয়েছেন।
বিদায়ী রেসে ফিলিক্সকে স্বর্ণ জিততে দেয়নি ডমিনিকান রিপাবলিক। আর ডাচ নারীরা যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে জিতে নেয় রৌপ্য। আর শেষ রেসে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয় কিংবদন্তি ফিলিক্সকে। ৩৬ বছর বয়সী ফিলিক্স বৈশ্বিক আসরে ১৯টি পদক জিতে অবসর নিলেন। তার পদকের মধ্যে ১৩টিই স্বর্ণ।
অ্যাথলেটিকস গ্রেট ফিলিক্স এ বছরের শুরুর দিকেই জানিয়ে দেন, এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলেই তিনি বিদায় নেবেন। যদিও এ আসরে নিজের প্রিয় ৪০০ মিটার কিংবা ২০০ মিটারে কোয়ালিফাই করতে পারেননি। তিনি শুধু মিশ্র রিলেতে দৌড়ানোর সুযোগ পান। এ ইভেন্ট দিয়েই তিনি ট্র্যাক থেকে বিদায় নিতে পারলেন এবং শেষ ইভেন্টেও পদক গলায় তুলতে পেরেছেন এ তারকা অ্যাথলেট।










