চট্টগ্রামে গতকাল শুক্রবার রাতে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হেনস্থা ও অপমানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আজ শনিবার এক বিবৃতিতে বিসিবি জানায়, চট্টগ্রামে গতকাল রাতে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হেনস্থা ও অপমানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ঘটনায় খেলোয়াড়ের প্রতি প্রদর্শিত অগ্রহণযোগ্য ও অনুচিত আচরণের তীব্র নিন্দা জানিয়েছে বোর্ড এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। একজন জাতীয় ক্রীড়াবিদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং এটি অবিলম্বে খতিয়ে দেখা প্রয়োজন। তাই এ ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত আশা করছে এবং দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে বিসিবি।

এতে আরো উল্লেখ করা হয়, বিষয়টি জানার পর থেকেই বিসিবি নাঈম হাসান এবং তার পরিবারের সার্বিক মঙ্গল নিশ্চিতে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে। সমস্যাটির সঠিক সমাধানের লক্ষ্যে বোর্ড চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের সাথেও সক্রিয়ভাবে কাজ করছে।

বিসিবি বলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সব খেলোয়াড়ের কল্যাণ, মর্যাদা ও অধিকার রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এবং এ ঘটনার পরবর্তী পরিস্থিতির ওপর নজর রাখছে।