অ্যান্টিগায় আগামী ১৬ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিল টাইগাররা। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। এই ম্যাচে ব্যাটিং ও বোলিং মিলিয়ে প্রস্তুতিতে সন্তুষ্ট বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নেয়া বাংলাদেশ ৭ উইকেটে ৩১০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। তামিম ইকবাল খেলেন ১৬২ রানের রাজসিক ইনিংস। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৫৪ রান করেন। তামিম, শান্ত রান পেলেও যাকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা সেই মুমিনুল হক প্রথম ইনিংসে করেছেন শূন্য, আর দ্বিতীয় ইনিংসে মাত্র চার রান!
জবাব দিতে নেমে স্বাগতিকরা ৮ উইকেটে ৩৫৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। বাংলাদেশের পেসাররা নৈপুন্যে দেখালেও রান আটকাতে পারেননি। তাই সাড়ে তিনশ পেরিয়ে যায় ইয়ান্নিক ক্যারিয়াহর দল। জেরেমি সলোজানো সর্বোচ্চন ৯২ রান করেন। এছাড়া ত্যাগনারায়ণ চন্দরপল ৫৯, ক্যারিয়াহ ৫৬, প্রেস্টন ম্যাকসুইন ৫০ রান করেন।
মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন তিনটি করে, আর তরুণ পেসার রেজাউর রহমান রাজা ও খালেদ আহমেদের শিকার একটি করে উইকেট। স্বাগতিকদের পতন হওয়া আটটি উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। দুই স্পেশালিস্ট স্পিনার মেহেদী হাসান মিরাজ ২৩ ওভার ও তাইজুল ইসলাম ১৫ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২০ ওভারে ১ উইকেটে ৪৭ রান তোলার পর তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেলে ম্যাচটি ড্র হয়। মাহমুদুল হাসানের সঙ্গে ওপেনিংয়ে নামা মুমিনুল হক ৪ রানে হয়েছেন রানআউটের শিকার। মাহমুদুল ৫৩ বলে ৯ ও মেহেদী হাসান মিরাজ ৫১ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।
সোমবার ভোরে শেষ হওয়া ম্যাচের পর বাংলাদেশ দলের পেসার এবাদত বললেন, প্রস্তুতিতে তারা বেশ সন্তুষ্ট। তার কথায়, আমরা তিনদিনের একটা প্রস্তুতি ম্যাচ খেললাম। সবার ভালোই প্রস্তুতি হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। বোলিংয়ের দিক থেকে বললে, আমরা সবাই ভালো বোলিং করেছি। ভালো শুরু হয়েছে। মোস্তাফিজ আজ যোগ দিয়েছে, প্রথম ওভারে নিয়েছে দুই উইকেট। শেষ পর্যন্ত তিন উইকেট পেয়েছে। প্রস্তুতি হিসেবে এই তিনদিনের ম্যাচটা আমরা খুব উপভোগ করেছি।
প্রস্তুতি ম্যাচ উপভোগের পালা শেষ, এবার আসল পরীক্ষার অপেক্ষা। বৃহস্পতিবার নর্থ সাউন্ডের স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন। এরপর সমান তিন ম্যাচের টি২০ ও ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।










