নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের আনন্দে আত্মহারা ক্রিকেটপাড়া। ঠিক এ সময় দুঃসংবাদ আসলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। কভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি জানান।
আগের দিন কভিড আক্রান্ত হন বিসিবির আরেক পরিচালক তানভীর আহমেদ টিটু।
তবে নান্নুর ধারণা, সঠিক রিপোর্ট আসেনি তার। কারণ রিপোর্টে করোনা পজিটিভ দেখালেও তার শরীরে এখন পর্যন্ত কোনো উপসর্গ ধরা পড়েনি। তবে ঝুঁকি না নিয়ে রিপোর্ট হাতে পাওয়ার পর পরই নিয়ম মেনে আইসোলেশনে চলে গেছেন নান্নু।
নিজের শারীরিক অবস্থার বিষয়ে নান্নু বলেন, বুধবার কভিড টেস্ট করেছিলাম। সন্ধ্যায় রেজাল্ট হাতে পেয়েছি। পজিটিভ এসেছে। কিন্তু কোনো উপসর্গ নেই। আলহামদুলিল্লাহ্ ভালো আছি। হয়তো ফলস পজিটিভ। আবার পরীক্ষা করাব। আমার জন্য দোয়া করবেন।










