ভারতকে ৯ রানে হারিয়ে কমনওয়েলথ গেমস ক্রিকেটের স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। হেরে রৌপ্যপদক পেয়েছে ভারতের নারীরা। এর আগে ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় হয়ে তাম্রপদক জিতেছে নিউজিল্যান্ডের নারীরা।

রোববার রাতে এজবাস্টনে টস জিতে আগে ব্যাটিং করে অজিরা। বেথ মুনির ৬১, মেগ ল্যানিংয়ের ৩৬ ও অ্যাশলে গার্ডনারের ২৫ রানে ভর করে ২০ ওভারে ১৬১/৮ রান সংগ্রহ করে তারা। ভারতের হয়ে রেনুকা সিং ও স্নেহা রানা দুইটি করে উইকেট নেন।

১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৫২/১০ রান করতে সক্ষম হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে ৬৫ রান করেন অধিনায়ক হারমানপ্রিত কৌর। জেমিমাহ রদ্রিগেজ করেন ৩৩ রান। শেষ ৩৪ রানে ৮ উইকেট হারায় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন অ্যাশলে গার্ডনার, মেগান স্কাট শিকার করেছেন দুইটি উইকেট।

ওয়ানডে বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপ মুকুটের সঙ্গে এবার কমনওয়েলথ টি২০ ক্রিকেটের চ্যাম্পিয়নও হলো অস্ট্রেলিয়া।

দুই যুগ পর বিশ্বের অন্যতম ক্রীড়া প্রতিযোগিতা কমনওয়েলথ গেমসে ফিরেছে ক্রিকেট। ১৯৯৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে প্রথমবার ক্রিকেট যোগ করা হয়েছিল। সেবার এটি ছিল ৫০ ওভারের খেলা। যেখানে দক্ষিণ আফ্রিকা পুরুষ দল সোনা জিতেছিল। এবারের আসরে নারীদের দল নিয়ে টি২০ সংস্করণে হয়েছে ক্রিকেট।