বরুশিয়া ডর্টমুন্ড থেকে নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রট হাল্যান্ডকে সই করাতে ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। জার্মান ক্লাবটির সঙ্গে থাকা খেলোয়াড়টির রিলিজ ক্লজ সিটি কর্তৃক সক্রিয় করায় জুলাই মাসে তিনি ইতিহাদে আসতে যাচ্ছেন। রিলিজ ক্লজের ৬০ মিলিয়ন ইউরো ডর্টমুন্ডকে দেবে ইংলিশ জায়ান্টরা।

 

গত গ্রীষ্মে সিটি ছেড়ে বার্সেলোনায় নাম লেখান ইংলিশ ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সার্জিও আগুয়েরো। সেই থেকে আর্জেন্টাইন খেলোয়াড়ের জায়গায় কাউকে খুঁজছিল ক্লাবটি। অবশেষে ২১ বছর বয়সী হাল্যান্ডকে নিয়ে শূনতা পূরণ করতে চলেছে লিগ টেবিলের শীর্ষে থাকা পেপ গার্দিওলার ক্লাব।

 

ম্যানসিটি আজ এক বিবৃতিতে বলেছে, আমরা নিশ্চিত করছি যে, স্ট্রাইকার আর্লিং ব্রট হাল্যান্ডের দলবদল নিয়ে আমরা নীতিগতভাবে সমঝোতায় পৌঁছেছি। এখন খেলোয়াড়টির ব্যক্তিগত শর্তাবলী নিয়ে কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরই দলবদল সম্পন্ন হবে।

 

২০২০ সালে রেড বুল সলজবুর্গ থেকে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেন হাল্যান্ড। সেই থেকে ৮৮ ম্যাচে ৮৫ গোল করে ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কাড়েন। তাকে চেয়েছিল স্পেনের রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। যদিও তিনি বেছে নিলেন বাবার ক্লাব ম্যানসিটিকেই।


সর্বশেষ খবর, সিটিতে খেলে প্রতি সপ্তাহে ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড বেতন পাবেন তিনি। বিবিসি