সাফ নারী চ্যাম্পিয়নশিপে আগামীকাল মঙ্গলবার শক্তিশালী ভারতের বিপক্ষে গ্রুপ সেরা হওয়ার মহারণে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।

 

‘এ’ গ্রুপ থেকে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও ভারত। শনিবার বাংলাদেশ ৬-০ গোলে পাকিস্তানকে হারিয়ে ও ভারত ৯-০ গোলে মালদ্বীপকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে বাংলাদেশের চেয়ে (+৯) এগিয়ে আছে ভারত (+১২)। গ্রুপ চ্যাম্পিয়ন হতে আজ তাই জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ড্র করলে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

 

গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাওয়া যাবে, এই ভাবনা থেকেই আজ ভারতকে হারাতে চায় বাংলাদেশ। ‘বি’ গ্রুপের সেরা হওয়ার সম্ভাবনায় আছে স্বাগতিক নেপাল। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের এড়াতে চায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এ কারণে ভারতকে রুখে দিয়ে ‘এ’ গ্রুপের সেরা হওয়ার লক্ষ্য সাবিনা-মারিয়াদের।

 

শনিবার মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দেয়ার পর ভারতের কোচ সুরেন কুমার ছেত্রী বলেন, গ্রুপের শেষ ম্যাচে চাপে থাকবে বাংলাদেশ। অবশ্য চাপ-তত্ত্বে বিশ্বাস নেই বাংলাদেশ দলনায়ক সাবিনার। তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে জানান, একটু চাপ তো আমাদের উপর থাকবেই। ভারত পাঁচবারের চ্যাম্পিয়ন। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলে যাব, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। আসলে আমাদের ওরকম চাপ নেয়ার কিছু নেই। চাপ নেয়ার দিন শেষ। চাপ নেয়ার ওই ফুটবল বাংলাদেশ এখন আর খেলে না।

 

নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারত। এখন পর্যন্ত পাঁচ আসরে পাঁচবারই তারা চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি ভারতের বিপক্ষে ১০ ম্যাচ খেলে কখনো জিততে পারেনি বাংলাদেশ। সেরা সাফল্য ২০১৬ সালের সাফে গ্রুপ পর্বে করা ড্র। এরপরও বাংলাদেশ কোচ ছোটন খুব আত্মবিশ্বাসী। তিনি বলেন, আমি তো মনে করি, আমাদের মেয়েরা গত দুই ম্যাচে যে ফুটবল খেলেছে, তাতে যেকোনো টিমই আমাদের নিয়ে উল্টো চাপে থাকবে। তবে এ নিয়ে মেয়েরা কোনো আত্মতৃপ্তিতে ভুগছে না।

 

বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশকে একাধিক সাফল্য এনে দেয়া ১৯ বছর বয়সী মিডফিল্ডার মারিয়া মান্দার কথায়ও আত্মবিশ্বাস। তিনি বলেন, আমরা জানি ভারত শক্তিশালী দল, আমরাও শক্তিশালী দল। তাদের বিপক্ষে লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা এতটা চাপে নেই, কেননা, এত চাপ নিলে তো নিজেদের খেলা খেলতে পারব না। আমাদের চেষ্টা থাকবে তাদের বিপক্ষে লড়াই করে লক্ষ্য পূরণ করার।