ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটেছে এবার। ফিফা ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই এই দুজনের কেউ। ২০০৩ সালের পর ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় নেই মেসি কিংবা রোনালদোর মধ্যে কেউই! অথচ দুজনের দোর্দণ্ড প্রতাপ ২০০৮ সালের থেকে শুরু করে এখন পর্যন্ত ১৫ টি ব্যালন ডি’অরের মধ্যে তাদের বাইরে পেয়েছেন মাত্র দুজন! এই দুই ভাগ্যবান হলেন লুকা মডরিচ (২০১৮) ও করিম বেনজেমা (২০২২)।
রোনালদো ও মেসি অপেক্ষাকৃত অখ্যাত লিগে নাম লেখানোয় তাদের ভবিষ্যতে এই পুরস্কারটি পাওয়ার সম্ভাবনা ক্ষীণই। বলা যায় রোনালদো ও মেসি যুগের অবসানই হলো। ব্যালন ডি’অরের নতুন এই যুগের প্রথম ‘রাজা’ কে হতে চলেছেন? এই প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই। বাংলাদেশ সময় রাত ১টায় প্যারিসের বিখ্যাত অপেরা হাউজে বসছে ফুটবলের তারার মেলা। সেখানেই বিশ্বের সেরা খেলোয়াড়টির হাতে তুলে দেয়া হবে ব্যালন ডি’অর ২০২৪ ট্রফি।
ছেলেদের ৩০ জনের তালিকায় ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহ্যাম, লামিনে ইয়ামাল, দানি কারবাহাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকা রয়েছেন। যদিও ফেভারিট দুজন—রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়ুস ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি।
গত মৌসুমে ভিনিসিয়ুস ব্রাজিল ও রিয়ালের হয়ে সব মিলিয়ে ৪৯টি ম্যাচ খেলেছেন। ২৬টি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। প্রতি ১৪৬ মিনিটে গোল করেছেন ভিনি। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। রদ্রি স্পেন ও ম্যানসিটির হয়ে ৬৩ ম্যাচ খেলে করেছেন ১২টি গোল, অ্যাসিস্ট করেছেন ১৬টি। বড় সুযোগ তৈরি করেছেন ১১টি। স্পেনের হয়ে ইউরো আর সিটির হয়ে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন।
সবার চোখ থাকছে ছেলেদের বিজয়ীর দিকেই। তবে আজ মেয়েদের সেরা খেলোয়াড়ও পাবেন ব্যালন ডি’অর ট্রফি। মেয়েদের ক্যাটাগরিতে টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর জয়ে ফেভারিট বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি।
র্যাংকিংয়ের ভিত্তিতে ফিফার শীর্ষ ১০০ দেশের নির্বাচিত সাংবাদিকরা ছেলেদের ক্যাটাগরিতে বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচন করবেন। আর মেয়েদের র্যাংকিংয়ে শীর্ষ ৫০ দেশের সাংবাদিকরা ভোট দিয়ে সেরা নারী খেলোয়াড় বাছাই করবেন।










