সদ্যই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্ট থেকে বাদ পড়া ব্যাটার বাবর আজম এবং দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ আসন্ন অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন। অস্ট্রেলিয়া সফরের পরই দলটি যাবে জিম্বাবুয়ে সফরে। এই তিনজনের কেউই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে নেই। সেখানে অপেক্ষাকৃত তরুণদের সুযোগ দেয়া হয়েছে।

আজ রোববার অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য পৃথম ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও পিসিবির বিবৃতিতে অধিনায়কের নাম জানানো হয়নি। আজই লাহোরে সংবাদ সম্মেলনে অধিনায়কের নাম ঘোষণা করবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। গুঞ্জন রয়েছে, অস্ট্রেলিয়া সফরে উইকেটকিপার ও ব্যাটার মোহাম্মদ রিজওয়ান পেতে পারেন নেতৃত্ব। আবার জিম্বাবুয়ে সফরের জন্য হয়তো সালমান আগাকে বেছে নেবে পিসিবি।

অস্ট্রেলিয়া সফরে সমান তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। ৪ নভেম্বর সিডনিতে প্রথম ওয়ানডে।

অস্ট্রেলিয়া সফর

ওয়ানডে স্কোয়াড: আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আরাফাত মিনহাস, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটকিপার), কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি।

টি-টোয়েন্টি স্কোয়াড: আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটকিপার), জাহানাবাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, ওমর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মকিম, উসমান খান।