টি২০ বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আজ ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬০ রান তোলে আফগানিস্তান। জবাবে সাকিব আল হাসানরা ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৯৮ রান তুলতে সমর্থ হন।

 

বোলিং কিংবা ব্যাটিং কোনোটিতেই আজ বাংলাদেশকে দাঁড়াতে দেয়নি। ইব্রাহিম জাদরান (৩৯ বলে ৪৬) ও মোহাম্মদ নবির (১৭ বলে ৪১*) ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ পায় আফগানরা। হাসান মাহমুদ ও সাকিব দুটি করে উইকেট নেন।

 

ব্যাটিংয়ে নেমে আফগান পেস ও স্পিনের সাঁড়াশি আক্রমণে কোনঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। পেসার ফজলহক ফারুকি ৩ ওভারে ৯ রানের খরচায় নেন তিনটি উইকেট। এছাড়া স্পিনার মুজিব উর রহমান ৩ ওভারে ৫ রানে একটি ও নবি হাত ঘুরিয়ে ৩ ওভারে ১১ রান দিয়ে একটি উইকেট নেন।

 

সদ্যই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি২০ সিরিজে চার ম্যাচ খেলে একটিও জিততে পারেনি বাংলাদেশ। বুধবার দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সাকিবের দল। ব্রিসবেনে আজ নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিং করতে নামা কিউইদের ৯৮ রানে অলআউট করার পর ১১.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। পরের ম্যাচেও তাই সাকিবদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

 

ওয়ার্মআপ ম্যাচে আজ পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৬৩ রান তোলে পাকিস্তান। জবাবে ১৯ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা।

 

এদিকে জসপ্রিত বুমরাহর ইনজুরিতে ভারতের বিশ্বকাপে দলে ফেরা মোহাম্মদ শামি চমক দেখালেন ওয়ার্মআপ ম্যাচে। ইনিংসের শেষ ওভারে তিন উইকেট তুলে নেন তিনি, আরেকটি হয়েছে রানআউট। শামির দুরন্ত বোলিংয়ে ভর করে আজ ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়েছে ভারত।

 

৪ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে ১১ রান করতে হতো অস্ট্রেলিয়াকে। শামির প্রথম দুই বল থেকে চার রান তুলে নেয় স্বাগতিকরা। এরপর শামির ম্যাজিক। তৃতীয় বলে বিরাট কোহলির ক্যাচ বানিয়ে প্যাট কামিন্সকে সাজঘরে ফেরান তিনি। চতুর্থ বলে অ্যাস্টন অ্যাগার হয়েছেন রানআউট। এরপর টানা দুই বলে জস ইংলিশ ও কেন রিচার্ডসনকে আউট করে ভারতকে দারুণ এক জয় এনে দেন পেসম্যান শামি।

 

১৭ ওভারশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১৫৮/৩। শেষ ১৮ বলে তাদের প্রয়োজন ছিল ২৯ রান। এই অবস্থা থেকে ২২ রান তুলতেই বাকি ৭টি উইকেট হারায় স্বাগতিকরা।

 

১৮তম ওভারের দ্বিতীয় বলে মার্কাস স্টয়নিস শিকার হন আর্শদীপ সিংয়ের। ১৯তম ওভারের প্রথম বলে অ্যারন ফিঞ্চকে (৫৪ বলে ৭৬) আউট করেন হার্শাল প্যাটেল। পরের বলে রানআউট হয়েছেন টিম ডেভিড। এরপর শামির রাজসিক ওভার।

 

এর আগে লোকেশ রাহুল (৩৩ বলে ৫৭) ও সূর্যকুমার যাদবের (৩৩ বলে ৫০) হাফসেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ১৮৬ রান তোলে ভারত।