রোনালদো যেখানেই যান না কেন, রেকর্ড যেন তার পিছু নেয়। রিয়াল মাদ্রিদে খেলার সময় একের পর এক রেকর্ড গড়েছেন। পর্তুগাল জাতীয় দলের হয়েও অসংখ্য রেকর্ড তার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ ও গোলের রেকর্ডটা তারই দখলে। সৌদি আরবের পেশাদার লিগে নাম লিখিয়েও রেকর্ডের নেশা তার যাচ্ছে না। এই লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়লেন তিনি। তার গোলসংখ্যা এখন ৩৫।

 

সোমবার রাতে আল ইত্তিহাদের বিপক্ষে আল নাসের জিতেছে ৪-২ গোলে। এই ম্যাচে জোড়া গোল করেন ৩৯ বছর বয়সী রোনালদো। এর মধ্য দিয়ে মরক্কোর আব্দেলরাজ্জাক হামদাল্লাহর রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। যদিও রোনালদোর চেয়ে চার ম্যাচ কম খেলে ৩৪ গোল করেছিলেন হামদাল্লাহ।

 

২০২৩ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসেরে নাম লেখানোর পর থেকে এখন পর্যন্ত সব ধরণের প্রতিযোগিতায় সৌদি ক্লাবটির হয়ে ৬৯ ম্যাচ খেলে ৬৪ গোল করেছেন রোনালদো।

 

এই জয়ে নিশ্চিত হলো, টানা দ্বিতীয় মৌসুম লিগে রানার্সআপ হচ্ছে আল নাসের। তাদের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত আল ইত্তিহাদের। আবার তিনে থাকা আল আহলির চেয়ে ১৭ পয়েন্টে এগিয়ে আল নাসের।


 

স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড (দুবার), রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসেরের হয়ে ২২ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭৬৫ গোল করলেন রোনালদো। এছাড়া পর্তুগালের হয়ে ২০৬ ম্যাচে করেছেন রেকর্ড ১২৮ গোল। আগামী মাসে ইউরো চ্যাম্পিয়নশিপ খেলবেন রোনালদো। ওই আসরে তিনি ম্যাচ ও গোলের রেকর্ডটা আরো সংহত করবেন বলেই ধারণা করা হচ্ছে।