প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয়, খুলনা গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, রংপুর শিশু নিকেতন স্কুল ও সুনামগঞ্জ সরকারি জুবিলী স্কুল।

 

আজ বৃহস্পতিবার চার কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংস চলাকালে বৃষ্টি বাগড়া দেয়। মাঠ অনুপযোগী থাকায় বাইলজ অনুযায়ী টসের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়।

 

সেমিফাইনালে রংপুর শিশু নিকেতন স্কুলের প্রতিপক্ষ সুনামগঞ্জ সরকারি জুবিলী হাই স্কুল। আরেক ম্যাচে খুলনার গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিপক্ষ মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। যার অর্থ ফাইনালে খুলনা বিভাগের একটি দল থাকছেই। দুটি সেমিফাইনাল ১১ জুন শনিবার অনুষ্ঠিত হবে। ১৩ জুন ফাইনাল। নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স থেকে শিরোপা নির্ধারণী ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

 

নারায়ণগঞ্জে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে টসজয়ী কুমিল্লা হাই স্কুল প্রতিপক্ষ মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ব্যাটিংয়ে পাঠায়। শুরু থেকেই প্রতিপক্ষ ব্যাটারদের চেপে ধরে কুমিল্লার বোলাররা। ৩৮ ওভারে ৭ উইকেট ৫০ রান তোলার পর বৃষ্টি নামে।

 

কেরানীগঞ্জ হামিদুর রহমান স্টেডিয়ামে নবাবগঞ্জ হাই স্কুলের বিপক্ষে টসজয়ী খুলনা গাজী মেমোরিয়াল ৩৬ ওভারে ৪ উইকেটে ১৬৯ রান করার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। এসময় ৯৮ রানে অপরাজিত ছিলেন কাজী মুজাহিদুল ইসলাম।

 

সিটি ক্লাব মাঠে জয়পুরহাট কে এন্ড জি হাই স্কুলের বিপক্ষে টসজয়ী রংপুর শিশু নিকেতন হাই স্কুল ২৭.৩ ওভারে ৩ উইকেটে ৮৯ রান করার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। জগন্নাথ হল মাঠে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে টসজয়ী সুনামগঞ্জ জুবিলী স্কুল ২৬ ওভারে ৭ উইকেটে ৭২ রান তোলার পর বৃষ্টি নামে।