২০২২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের হিরো ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি নবায়নের আলোচনা শেষ ধাপে রয়েছে। শিগগিরই চুক্তি সইয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর চুক্তি হবে জুলাইয়ে, যখন খেলোয়াড়রা ছুটি কাটিয়ে দলে যোগ দেবেন।

আলোচনা চলছে চুক্তির সময়সীমা নিয়ে। তার বর্তমান চুক্তি ২০২৪ সাল পর্যন্ত। রিয়াল চায় চুক্তিটা ২০২৮ সাল পর্যন্ত নবায়ন করতে। যদিও খেলোয়াড়টি চান ২০২৬ কিংবা ২০২৭ সাল পর্যন্ত।

রিয়াল মাদ্রিদ খেলোয়াড়টির বেতনও বাড়িয়ে দেয়ার পরিকল্পনা করছে। এখন বছরে পান ৩২ লাখ ইউরো, যা বাড়িয়ে ৪০ লাখ ইউরো করতে পারে রিয়াল। যদিও বোনাস যোগ হলে তা ১ কোটি ইউরো ছাড়িয়ে যাবে। নির্দিষ্ট কিছু শর্তপূরণ সাপেক্ষে এ পরিমাণ বোনাস পাওয়া সম্ভব। এর মধ্যে রয়েছে ম্যাচে উপস্থিতি, পারফরম্যান্স, গোল কিংবা শিরোপা। পারফরম্যান্স ভালো করলে এবার যেভাবে বেতন-বোনাস বাড়ছে এভাবেই বাড়তে থাকবে।

তার রিলিজ ক্লজও আকাশছোঁয়া হতে চলেছে। বর্তমানে রিলিজ ক্লজ ৩৫ কোটি ইউরো হলেও তা ১০০ কোটি ইউরোতে নিয়ে যেতে চায় মাদ্রিদ জায়ান্টরা। এ কৌশল অবলম্বন করেই ইউরোপের ধনী ক্লাবগুলোর হাত থেকে সেরা খেলোয়াড়দের রক্ষা করতে চায় রিয়াল মাদ্রিদ। তবে ব্রাজিলিয়ান খেলোয়াড়টির বেলায় এটি প্রযোজ্য না-ও হতে পারে। কেননা তিনি যখন খারাপ সময় পার করছিলেন তখনো অন্য কোনো ক্লাবের প্রস্তাবে বিন্দুমাত্র আগ্রহ দেখাননি।

ব্রাজিল জাতীয় দলের এ খেলোয়াড় মাদ্রিদে বড় অংক বিনিয়োগ করে একটি বাড়ি তৈরি করেছেন, যেখানে উঠেছেন ২০২১ সালের নভেম্বরে। এটা নিশ্চিত করছে, তিনি দ্রুতই স্পেনের রাজধানী ছাড়ছেন না। আর দলের হয়ে বর্তমানে যে পারফর্ম করছেন তাতে রিয়ালও তাকে বিদায় দেয়ার কথা ভাবছে না।

গত মৌসুমে ভিনিসিয়াসের চেয়ে বেশি মিনিট খেলেছেন মাত্র তিনজন। এ সময় ২২ গোল করার পাশাপাশি ২০টি গোল তৈরি করে দিয়েছেন, আদায় করে নিয়েছেন পেনাল্টিও।

ক্যারিয়ারের সুসময় যেহেতু চলছে, তাই এ মুহূর্তে মাদ্রিদ জায়ান্টদের হয়েই খেলে যেতে চান ভিনি। এর আগে লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডকে ফিরিয়ে দিয়েছেন, আর এখন প্যারিস সেন্ট জার্মেইকেও না বলে দিয়েছেন। ফরাসি জায়ান্টরা সম্প্রতি খেলোয়াড়টিকে বলেছে, যেন তিনি চুক্তি নবায়নে সই না করেন, চলতি চুক্তির মেয়াদ শেষে ফ্রান্সে যোগ দিলে তাকে বছরে ৪ কোটি ইউরো বেতন দেয়া হবে। তার মানে, বর্তমানে তিনি যে বেতন রিয়ালে পান তার ১২ গুণ!

কিন্তু অবিশ্বাস্য এ বেতনের প্রস্তাবেও রাজি হননি ভিনি। বর্তমানে জন্মভূমি ব্রাজিলে ছুটি কাটাতে যাওয়া খেলোয়াড়টি চুক্তি নবায়ন নিয়ে বলেছেন, আমি বিশ্বের সেরা ক্লাবটিতে থাকতে চাই।

রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও এক টিভি শোতে জানিয়েছেন, একাধিক ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেলেও লা লিগা জায়ান্টদের হয়েই খেলে যেতে চান ব্রাজিলিয়ান তারকা।

২০২১ সালের নভেম্বরে প্রথম ভিনিকে প্রস্তাব দেয় পিএসজি। ক্লাবটি তাকে আকর্ষণীয় বেতনের পাশাপাশি সাইনিং বোনাস প্রদানের আশ্বাস দেয়, আর সঙ্গে ছিল কাতারে বাণিজ্যিক চুক্তির সুযোগ। বিভিন্ন ক্লাব থেকে যত প্রস্তাব এসেছে সে ব্যাপারে পেরেজ আর জেনারেল ডিরেক্টর হোসে অ্যাঞ্জেল সানচেজকে অবহিত করেন ভিনি। উভয় কর্মকর্তাই ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়টির এ ব্যক্তিত্ব ও পেশাদারিতে মুগ্ধ হয়েছেন, আর তার ফুটবলের স্কিল নিয়ে তো বটেই।

ব্রাজিল কোচ তিতে ও রিয়াল কোচ কার্লো আনচেলত্তির মধ্যে সাদৃশ্য খুঁজে পান ভিনি। তিনি বলেন, তারা দুজনই সরাসরি কথা বলেন এবং একে অন্যকে পছন্দও করেন। মার্কা ও মিরর