আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডুনেডিনে আজ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে হারে নিগার সুলতানারা। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ৪ ঘণ্টা বিলম্বে শুরু হয় খেলা। ফলে ম্যাচের পরিধি কমে দাঁড়ায় ২৭ ওভারে।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটাও খারাপ ছিল না। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ফারজানা হকের হাফসেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ আট উইকেটে ১৪০ রান। জবাবে ২০ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল (১৪৪/১)। 

আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো কিউই অধিনায়ক সোফি ডিভাইন এ ম্যাচে ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফেরেন। সালমা খাতুনের বলে বোল্ড হন তিনি। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে জুটিতে সুজি বেটস ও অ্যামেলিয়া কের মিলে তোলেন ১০৮ রান। এতেই জয় নিশ্চিত হয়ে যায় কিউইদের। ৬৮ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন সুজি। তার সঙ্গে ৩৬ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন কের।

এর আগে প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে হেরে যাওয়া বাংলাদেশ ব্যাটিংয়ে এ ম্যাচেও শুরুটা হয়েছিল দারুণ। ৯.২ ওভারে দু্ই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক মিলে ৫৯ রান স্কোরে জমা করেন। শামীমা ৩৩ রানে ফিরলেও হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ফারজানা। দুর্দান্ত এ জুটির পর বাকি ব্যাটাররা সেভাবে অবদান রাখতে পারেননি। পরে ডাবল ডিজিটের ইনিংস ছিল মাত্র দুটি! যে কারণে ফারজানার একার লড়াইতেই স্কোরবোর্ড সমৃদ্ধ করেছে। ৫২ রান করা ফারজানা দুর্ভাগ্যজনক রান আউটে ফেরেন দলীয় ১১৯ রানে। তার ৬৩ বলের ইনিংসে ছিল একটি চার। এছাড়া আর কোনো ব্যাটারই ভালো কিছু করতে পারেনি।

কিউই বোলারদের মধ্যে অ্যামি স্যাটার্থওয়েট ৫ ওভারে ২৫ রানে দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। একটি করে নিয়েছেন হেইলি জেনসেন ও ফ্র্যান্সেস ম্যাকাই। ম্যাচ সেরা হয়েছেন সুজি বেটস।