গত ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচে ‘হ্যান্ডশেক’ বিতর্কের কেন্দ্রে থাকা আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আজ দুবাইয়ে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচেও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
গত সপ্তাহে ভারত-পাকিস্তান ম্যাচের আগে টসের সময় দুই অধিনায়ককে হাত না মেলাতে অনুরোধ জানিয়েছিলেন পাইক্রফট। ম্যাচ শেষেও পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব ও তার সতীর্থরা। এর প্রতিবাদে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি পাকিস্তানি খেলোয়াড়রা। পরে পাইক্রফটকে সরানোর দাবি তোলে পাকিস্তান এবং এটা করা না হলে এশিয়া কাপে না খেলার হুমকি দেয় তারা। এমনকি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও আসেননি পাকিস্তান দলনায়ক সালমান আগা, ম্যাচ না খেলার কথাও ভাবছিলেন তারা। যদিও পরে সিদ্ধান্ত পাল্টে তারা ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেন। ১ ঘণ্টা বিলম্বে শুরু হয় গ্রুপ পর্বের সে ম্যাচ। সেদিনও ম্যাচ রেফারি ছিলেন ৬৯ বছর বয়সী জিম্বাবুইয়ান সাবেক ক্রিকেটার পাইক্রফট।
আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে ওঠা পাকিস্তান প্রথমেই খেলবে ভারতের বিপক্ষে। আজ ম্যাচের ভেন্যু সেই দুবাই, ম্যাচ রেফারিও সেই পাইক্রফটই থাকছেন।










