মোহাম্মদ সালাহকে নিয়ে লিভারপুল সমর্থকদের দুশ্চিন্তার অবসান ঘটেছে। মিসরীয় ফরোয়ার্ড তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন। ৩০ বছর বয়সী সালাহর আগের চুক্তির মেয়াদ এক বছর বাকি ছিল। এ অবস্থায় তিনি অ্যানফিল্ডে থাকবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সম্প্রতি সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে বায়ার্ন মিউনিখে যোগ দেয়ায় সালাহকে নিয়ে উত্কণ্ঠা আরো বাড়ে। তিনি চুক্তি নবায়ন করায় স্বস্তি ফিরছে অ্যানফিল্ডে।
এএস রোমা থেকে আসার পর অ্যানফিল্ডে ৫ বছরের অধ্যায়ে ২৫৪ ম্যাচ খেলে ১৫৬ গোল করেছেন সালাহ। তার চুক্তি নবায়নে আনন্দিত কোচ ইয়ুর্গেন ক্লোপ বলেন, এটা আমাদের জন্য ও তার জন্য সেরা সিদ্ধান্ত। আমি ভেবেছিলাম, সে আমাদের সঙ্গেই থাকবে। এটা এখন তারই ক্লাব। আমাদের সমর্থকদের জন্য ছুটির দিনটি আরো রঙিন হবে আশা করি।
নতুন চুক্তি সালাহকে লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক এনে দেবে। চুক্তি সইয়ের পর সালাহ বলেন, আমার দারুণ লাগছে, এই ক্লাবটির হয়ে আরো শিরোপা জিততে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটা প্রত্যেকের জন্য আনন্দের দিন। সব শিরোপার জন্য লড়াই করতে দারুণ একটি অবস্থানে রয়েছি আমরা।
লিভারপুলের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন সালাহ। এছাড়া দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তার দল হেরেছে রিয়াল মাদ্রিদের কাছে।
প্রিমিয়ার লিগে তিনবার এককভাবে কিংবা যুগ্মভাবে গোল্ডেন বুট জিতেছেন সালাহ, আর দুবার জিতেছেন পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।
রিচার্লিসন: এভারটন ছেড়ে টটেনহামে নতুন ঠিকানা গড়লেন ব্রাজিল জাতীয় দলের ফরোয়ার্ড রিচার্লিসন। ৬০ মিলিয়ন পাউন্ড ফি দিয়ে তাকে কিনেছে স্পার্সরা। চুক্তি হয়েছে পাঁচ বছরের। গত মৌসুমে ১০ গোল করার পাশাপাশি পাঁচ গোলে অ্যাসিস্ট করে এভারটনকে রেলিগেশন থেকে বাঁচিয়েছেন তিনি।
ভিতিনহা: ৪০ মিলিয়ন ইউরোয় পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে মিডফিল্ডার ভিতিনহাকে দলভুক্ত করল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। ২২ বছর বয়সী খেলোয়াড়টি এ মৌসুমে লিগ শিরোপা জিতেছেন।










