যেসব টেনিস খেলোয়াড় সদ্যই মা হয়েছেন কিংবা ভবিষ্যতে মা হবেন তাদের জন্য সুখবর দিল উইমেন টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ)। সবেতনে সর্বোচ্চ ১২ মাস মাতৃত্বকালীন ছুটি পেতে চলেছেন ডব্লিউটিএর তালিকাভুক্ত নারী টেনিস খেলোয়াড়রা। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) অর্থায়নে ডব্লিউটিএ যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে ডব্লিউটিএ এ ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ৩২০ জনের বেশি ডব্লিউটিএ খেলোয়াড়কে ‘দ্য পিআইএ ডব্লিউটিএ ম্যাটার্নিটি ফান্ড প্রোগ্রাম’-এর আওতায় এ সুবিধা দেয়া হবে। বিবৃতিতে আরো বলা হয়, ‘ডব্লিউটিএর খেলোয়াড়রা প্রথমবারের মতো সবেতনে সর্বোচ্চ ১২ মাস মাতৃত্বকালীন ছুটি পেতে চলেছেন। একই সঙ্গে তারা পরিবার গঠনে সন্তান জন্মদানের জন্য প্রজনন সক্ষমতা বাড়ানোর চিকিৎসা গ্রহণের অনুমতিও পাবেন। ওই উদ্যোগে আরো বেশকিছু সুবিধা পাবেন টেনিস খেলোয়াড়রা।’
তবে এ সুবিধা পেতে নারী খেলোয়াড়দের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সুনির্দিষ্ট সংখ্যায় ডব্লিউটিএ টুর্নামেন্টে অংশ নিতে হবে।
সৌদি আরব ও ডব্লিউটিএর এ যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টোকিও অলিম্পিকে টেনিসে স্বর্ণপদকজয়ী নারী খেলোয়াড় সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিক। গত বছরের এপ্রিলে তার প্রথম সন্তানের জন্ম হয়। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সম্প্রতি তিনি ডব্লিউটিএ ট্যুরে ফিরে এসেছেন। বেনচিক বলেন, ‘নিশ্চিতভাবে এটা সত্যিই সেরা খবর। আমি মনে করি, নারীদের খেলাধুলায় ডব্লিউটিএ প্রথম এটা করতে পারায় ডব্লিউটিএর খেলোয়াড় হিসেবে আমরা খুবই গর্বিত।’
এ ঘোষণার পর পরই বিএনপি পারিবাস ওপেনে কোর্টে নেমে তাতিয়ানা মারিয়ার বিপক্ষে ৬-১ ও ৬-১ গেমের জয় তুলে নেন উজ্জীবিত বেনচিক।
টেনিস মা হিসেবে খেলছেন বেনচিক, ভিক্টোরিয়া আজারেঙ্কা, নাওমি ওসাকাসহ বেশ কয়েকজন।










